
প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে একটি আইনি কাঠামো গড়ে তোলার দাবি উঠেছে মরক্কোর মারাক্কেশে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে। এই চুক্তিতে ইতিমধ্যে ১০৮ রাষ্ট্র অনুমোদন দিলেও তা বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা নেই। কার্বন নিঃসরণ কমাতে প্রায় ১০০ দেশ যে অঙ্গীকারনামা (এনডিসি) জাতিসংঘের কাছে জমা দিয়েছে, তা তারা বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। এর পরিপ্রেক্ষিতে এই দাবি তুলেছেন বিশ্বের দেড় শ আইনজীবী।
গত শনিবার মারাক্কেশের প্রিভিডি ইউনিভার্সিটিতে আইনজীবীদের সভায় এই দাবি ওঠে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ল স্কুল, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশসহ ২৬টি সংস্থা যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় প্যারিস জলবায়ু চুক্তির নানা দুর্বলতা ও প্রয়োগের ক্ষেত্রে যেসব আইনি সমস্যা হতে পারে, তা নিয়ে আলোচনা হয়। এই চুক্তি বাস্তবায়নে কীভাবে রাষ্ট্রগুলো তাদের নিজেদের দেশে আইনি কাঠামো গড়ে তুলবে, আন্তর্জাতিক আইনের সঙ্গে কীভাবে এর সমন্বয় হবে, সেসব নিয়ে দিনভর আইনজীবীরা আলোচনা করেন।
সভায় ব্রাজিলের হাইকোর্টের বিচারপতি এন্থনিও ব্যাঞ্জামিন চুক্তি বাস্তবায়নে প্রতিটি দেশে নিজস্ব আইন প্রণয়নের পরামর্শ দেন। কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেরি ক্লারা বলেন, আইনজীবীদের চেষ্টা করতে হবে, যাতে তাঁরা নিজ নিজ দেশের সরকারকে জলবায়ু চুক্তিটি বাস্তবায়নে বাধ্য করতে পারেন।
সেন্টার ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী পরিচালক এম হাফিজুল ইসলাম খান বলেন, জলবায়ুবিপন্ন রাষ্ট্রগুলোর সরকারগুলোকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, যাতে তারা জলবায়ু পরিবর্তনের কারণে তাদের দেশের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করতে পারে।
সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ও অ্যাডাপটেশন ওয়াচ জলবায়ু সহায়তায় স্বচ্ছতা নিয়ে আলোচনা সভার আয়োজন করে। সভায় সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে অর্থ ছাড় এবং অর্থ গ্রহণকারী দেশগুলোর ওই অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর বক্তারা গুরুত্ব দেন। সভায় টিআই বাংলাদেশের জাকির হোসেন খান, বেলজিয়ামের ফ্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোমেন ওয়াকমেইনস ও মরিওম শুলনা জলবায়ু তহবিল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
জিসিএফ কর্তৃপক্ষ গত এক বছরের অর্থায়ন তুলে ধরতে সভার আয়োজন করে। এতে
জানানো হয়, গত এক বছরে এই তহবিলে প্রায় ১ হাজার ৩০ কোটি ডলার জমা পড়েছে। এর মধ্যে ছাড় হয়েছে প্রায় ১২০ কোটি ডলার। তবে ওই তহবিলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৭ শতাংশ অর্থ ছাড় হয়েছে। জিসিএফের কো-চেয়ার এন ম্যাকডোনাল্ড বলেন, তহবিলের ৪৮ শতাংশ অর্থ উন্নয়ন সহায়তা বাবদ এবং ৪৬ শতাংশ অর্থঋণ সহায়তা বাবদ দেওয়া হয়েছে। বাকি অর্থ অংশীদারত্বের মাধ্যমে দেওয়া হয়েছে।
সভায় সাংবাদিকেরা জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিকতা ও ধীরগতির বিষয়ে প্রশ্ন করেন। জবাবে আয়োজক দেশগুলোর প্রতিনিধিরা বলেন, ওই তহবিল থেকে অর্থ পেতে ভালো ও মানসম্পন্ন প্রকল্প প্রস্তাব জমা পড়ছে না।