জলবায়ু পরিবর্তন নিয়ে নীতি নির্ধারকদের ভাবনা কম
জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সর্বত্র অনুভূত হচ্ছে। তবে এ নিয়ে নীতিনির্ধারকদের ভাবনা কমই আছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক গবেষণারও অভাব আছে। তবে যতটুকু আছে, নীতিনির্ধারণী পর্যায়ে আবার তা পৌঁছায় না।
‘তৃতীয় জলবায়ু পরিবর্তন অভিযোজন নীতি ও বিজ্ঞান’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলনে কথাগুলো বলেন বক্তারা। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফল অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস)। বাংলাদেশ, ভারত ও নেপাল এবং নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের বিজ্ঞানী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকেরা এ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিসিএএসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এখনো বড় ঘাটতি রয়ে গেছে। এ নিয়ে তহবিলের সংকট রয়েছে প্রবল। বিজ্ঞান, নীতি ও মানুষের মধ্যে সমন্বয় থাকাটা জরুরি।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জলবায়ু পরিবর্তন নিয়ে অনাগ্রহ প্রসঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে আতিক রহমান বলেন, ‘একবার এক নীতিনির্ধারক আমাকে বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কী হবে তা এক মিনিটের মধ্যে আমাকে বলুন।’
এ অধিবেশনে আন্তর্জাতিক সংগঠন ইসিমডের প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর হিন্দুকুশ ও হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব তুলে ধরেন। অভিবাসন নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরুর চেয়ারপারসন অধ্যাপক তাসনিম সিদ্দিকা বলেন, জলবায়ু পরিবর্তনের এখনকার প্রবণতা এটা নিশ্চিত করে যে এর কারণে অভিবাসন হবেই। তবে অভিবাসনকে নেতিবাচক অর্থে নেওয়া যাবে না। অভিযোজন প্রক্রিয়ার একটি বাস্তবতা হিসেবে একে গ্রহণ করতে হবে।
সম্মেলনে পরে ‘অভিযোজন বিজ্ঞান ও এর চর্চা’ এবং ‘পানি ও জীবিকার ক্ষেত্রে অভিযোজন নীতি’ সংক্রান্ত দুই অধিবেশনে মূল প্রবন্ধ পড়েন বিসিএএসের পরিচালক দ্বিজেন মল্লিক এবং একই প্রতিষ্ঠানের কো-প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর আবু সাইদ। বক্তব্য দেন বুয়েটের অধ্যাপক উম্মে কুলসুম নভেরা, মো. রেজাউর রহমান, ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান টেরির অজয় মাথুর প্রমুখ।