জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকেরাই প্রধান ভূমিকা রাখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শত কোটি জনের অপার স্বপ্ন একটি বিশ্ব করি না নিঃস্ব’, ‘আমাদের এই সোনার দেশ নদী ভাঙনে হইল শেষ’, ‘জীববৈচিত্র্যে পূর্ণ পৃথিবীই আমাদের স্বপ্ন’, ‘সবুজ নগর সবুজ দেশ গড়ি টেকসই বাংলাদেশ’, ‘বাঁচলে নদী জন্মভূমি বাঁচবে তুমি বাঁচব আমি’।

এমন নানা স্লোগান নিয়ে বরিশালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবসম্মেলন শুরু হয়েছে। দুই দিনের এই সম্মেলনে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকেরাই প্রধান ভূমিকা রাখবেন।

গতকাল শনিবার সকাল নয়টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। এর পরপরই তরুণ-তরুণীদের অংশগ্রহণে বের হয় সাইকেল র‌্যালি। উদ্বোধনের পর নগরের পাবলিক স্কয়ারে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর চিত্র প্রদর্শনী। ‘নিরাপদ বিশ্ব, সবুজ অরণ্য নিশ্চিত করবে দুর্জয় তারুণ্য’ এই শিরোনাম নিয়ে জলবায়ু সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, ঢাকায় ইউনিসেফের পরিবেশবিদ গোলাম রব্বানী, পরিবেশ অধিদপ্তরের বরিশালের পরিচালক মো. নজরুল ইসলাম, ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান এইচ তৌফিক আহমেদ, শিশুসংগঠক জীবন কৃষ্ণ দে, সুশাসনের জন্য নাগরিক বরিশালের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ। বেলা আড়াইটায় বিডিএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে প্রতিবেদন তৈরি ও সচেতনতা সৃষ্টির ওপর তরুণ সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন শিশু ও নারীরা। জলবায়ুর প্রভাবে যে রোগব্যাধি দেখা দিচ্ছে তার প্রায় ৮৫ শতাংশই আক্রান্ত হচ্ছে শিশুরা। আশ্রয় হারানো শিশুরা বস্তির বাসিন্দা হচ্ছে। সেখানে শিশুরা সহিংসতা, শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। তাই জলবায়ুর প্রভাব থেকে আগে শিশুদের সুরক্ষা করা দরকার। এসব কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন যুবকেরাই। তাই তাঁদের যোগ্য করে গড়ে তুলতে হবে।