জলবায়ু পরিবর্তনে বারবার ক্ষতিগ্রস্ত সানোয়ারের জীবন
কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুর্গম অষ্টমীরচর। উপজেলা শহর থেকে এ চরে যেতে হয় নৌকায়। এখানেই বাড়ি সানোয়ার হোসেনের। স্থানীয় রাজীবপুর ডিগ্রি কলেজে পড়াশোনা করেন। নয় ভাইবোনের মধ্যে পঞ্চম তিনি। তাঁর মাত্র ২৪ বছরের জীবনে বাড়ি ভেঙেছে চারবার।
সানোয়ার বলেন, ‘বাপ-দাদার মুখে বাড়ি ভাঙার কথা কম শুনেছি। এখন মুহূর্তেই বেড়ে যায় পানি। কেড়ে নেয়ে শেষ সম্বলটুকু। সব হারিয়ে নতুন করে জীবন শুরু করতে করতে ক্লান্ত। এর শেষ কোথায়?’
টানা বর্ষণ আর উজানের ঢলে নদীর পানি বেড়ে ভাঙন বৃদ্ধি পায় বলে জানান সানোয়ার। তিনি বলেন, উজানের ঢলে পানি বৃদ্ধির ঘটনা কয়েক বছর ধরে অতিরিক্ত হারে বেড়েছে। বাবা বলতেন, তাঁদের সময়ে বন্যার পানি ছাড়া আর কোনো আপদ ছিল না। কিন্তু এখন উজানের পানির ঢল বড় চিন্তার বিষয়।
সানোয়ার বলেন, এখন বন্যার সময় যেমন পানি বাড়ে, তেমনি আবার বাকি সময় খরা। অতিবৃষ্টিতে নদীতে বিলীন হয় বাড়িঘর। পানি কমে জমি জেগে ওঠার পর ধান রোপণ করলে খরার কারণে তা আর ঘরে তোলা যায় না। খরায় মরে যায় ফসল।
সানোয়ারের বাপ–দাদার দুই একর জমির পুরোটাই এখন নদীগর্ভে। বর্তমানে নানাবাড়িতে থাকে তাঁর পুরো পরিবার। তিন মাস আগে বাবা মারা গেছেন। ভাইদের মধ্যে বড় হওয়ায় পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে। পড়াশোনার পাশাপাশি মৌসুমি কাজ করে সংসার চালান। তিনি আক্ষেপ করে বলেন, ‘চারবার নদী ভিটেমাটি কেড়ে না নিলে হয়তো সংসার চালানো কঠিন হতো না। এখন ভাতের সঙ্গে মাথা গোঁজার ঠাঁইও খুঁজতে হয়। নানার বাড়িতে পুরো পরিবারসহ আশ্রয় নিয়েছি। তারা কত দিন থাকতে দেবে, তা নিয়ে রয়েছে শঙ্কা। এরপর কোথায় যাব জানি না।’
নদীভাঙন ও খরার সঙ্গে বেড়েছে বজ্রপাতের ঘটনা সানোয়ারদের জনপদে। কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন সানোয়ারের আত্মীয়ও। তিনি বলেন, বজ্রপাত নিয়ে সঠিক জ্ঞান না থাকায় অনেকের মনে কুসংস্কার আছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার।
সানোয়ার বলেন, ‘নদীভাঙন ঠেকানোর জন্য বছরে একবার পলিথিনে ভর্তি বালু ফেলা ছাড়া সরকারি আর কোনো উদ্যোগ দেখিনি। অথচ পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে বছরের পর বছর আমাদের বাড়ি ভেঙে যাওয়ার দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে হতো না। নদীভাঙনে মুহূর্তেই আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাদের দারিদ্র্য কমাতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এ ছাড়া বিশুদ্ধ পানির অভাব এ এলাকায় প্রকট। এ সমস্যা সমাধানে গভীর নলকূপ বসানো দরকার।’
অষ্টমীরচরে আশ্রয়কেন্দ্র না থাকায় বন্যার সময় সানোয়ারদের ঘুমাতে হয় রাস্তায়। সড়কে তাঁবু গেড়ে থাকতে হয় পরিবার নিয়ে। এ চরের কয়েক হাজার বাসিন্দার জন্য নির্ধারিত একটি আশ্রয়কেন্দ্র রয়েছে, তবে সেটির অবস্থান অন্য চরে। সেখানে যেতে হয় নদী পার হয়ে। মাত্র ২০০ লোক থাকতে পারে গাদাগাদি করে। সানোয়ার বলেন, ‘বন্যার পানিতে সব ডুবে গেলে গরু–ছাগল নিয়ে থাকতে হয় রাস্তায়। তখন কে মানুষ আর কে গবাদিপশু, সেটা দেখার সময় থাকে না। আমার চরে ন্যূনতম দু–তিনটি আশ্রয়কেন্দ্র দরকার।’
এ বছর বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় স্কুলের শিক্ষার্থীরা হেঁটে স্কুলে যেতে পারছিল না। রাস্তা তৈরির জন্য অনেক জায়গায় সহায়তা চেয়ে না পেয়ে শেষমেশ কয়েক মাসে সানোয়ার ও তাঁর বন্ধুরা মিলে বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নেন। এ সময় চরের বাসিন্দাদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে বাজার থেকে বাঁশ কেনা হয়। সাঁকো তৈরির সময় মাটি কাটার কাজে সানোয়ারের বন্ধুদের সঙ্গে স্থানীয় লোকজনও যোগ দেন। সবার চেষ্টায় নির্মিত হয় সাঁকো। সেই সাঁকো দিয়ে এখন স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।
সানোয়ার বলেন, ‘এই নদীভাঙন, বন্যা তথা জলবায়ু পরিবর্তন সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমার এলাকায় নিচু জমির চারপাশে প্রচুর বাঁধ দেওয়া দরকার, যা বন্যা থেকে কৃষিজমি, বাড়িঘর ও অবকাঠামোকে রক্ষা করবে। এ ছাড়া আমাদের কৃষকের জন্য বিনিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। এটি করা গেলে আগামীর বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ।’
সানোয়ারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘পড়াশোনা শেষ করে গ্রামেই থাকতে চাই। গ্রামের মানুষের দুর্দশা লাঘবে নিজ হাতে কাজ করতে চাই। আমাদের বন্ধুদের মিলে গড়ে তোলা সংগঠন “আমরাই মানবতার জন্য” বড় করতে চাই। এই সংগঠনের সদস্য ৭১ জন। এর মাধ্যমে এখন বাল্যবিবাহ রোধ, ধর্মীয় উৎসবে গরিবদের উপহারসামগ্রী দেওয়া, বাঁধ নির্মাণ, বিভিন্ন সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে সহায়তার কাজ করে যাচ্ছে।’
সানোয়ার আরও বলেন, ‘এই সংগঠনের মাধ্যমে এলাকার মানুষকে জলবায়ু পরিবর্তন ও বাল্যবিবাহের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সচেতন করতে চাই।’