জলবায়ু পরিবর্তনে বেশি ভুক্তভোগী নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের আশায় অপেক্ষা করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত নারীরা। প্রথম আলো ফাইল ছবি
ত্রাণের আশায় অপেক্ষা করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত নারীরা। প্রথম আলো ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরুষদের তুলনায় নারীদের ওপরই বেশি পড়বে। জাতিসংঘের এক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের মধ্যে ৮০ শতাংশই নারী।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনে নারী যে প্রভাবিত হবে, সে বিষয়ও উল্লেখ করা হয়েছে। মধ্য আফ্রিকার দেশ চাদের বিখ্যাত হ্রদ ‘লেক চাদের’ ৯০ শতাংশই এখন আর নেই। এতে বিপদে পড়েছেন স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী। হ্রদটি শুকিয়ে যাওয়ায় পানির জন্য এখন বহুদূর হাঁটতে হয় নারীদের।

চাদের স্থানীয় সংগঠন ইনডিজিনাস উইমেন অ্যান্ড পিপল অব চাদের (এএফপিএটি) হিনদৌ ওউমারাও ইব্রাহিম বলেন, শুকনো মৌসুমে পুরুষেরা সব শহরে চলে যায়। ঘর দেখার জন্য নারীদের রেখে যায় তারা। তিনি বলেন, শুকনো মৌসুম দীর্ঘায়িত হলে পরিবারের দেখভালের জন্য কঠোর পরিশ্রম করতে হয় নারীদের। আবার এ সময় ঘরের পুরুষদের কোনো সহযোগিতাও তাঁরা পান না।

ওউমারাও ইব্রাহিম বলেন, নারীদের জীবন হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। পানি সংগ্রহ করা সত্যিই খুব কঠিন কাজ।

তবে চাদের এই নারীদের মতো শুধু গ্রামীণ নারীরাই বিপদগ্রস্ত হয়ে পড়ছেন তা-ই না, বৈশ্বিকভাবেই পুরুষদের চেয়ে নারীদের মধ্যে দারিদ্র্যের হার বেশি। আর্থসামাজিক সক্ষমতায় নারী অনেক পিছিয়ে। আবার কোনো এলাকায় দুর্যোগ হলে অবকাঠামো, ঘরবাড়ি বা কাজের ক্ষেত্রে যে ক্ষতি হয়, তাতে বেশি ভুক্তভোগী হন নারীরাই।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আফ্রিকার বংশোদ্ভূত মার্কিন নারীরা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় নিউ অরলিনসের মতো নিম্নাঞ্চলগুলো উচ্চ ঝুঁকির মধ্যে আছে। র‍্যাটকার্জ ইউনিভার্সিটির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক জ্যাকুলিন লিট বলেন, নিউ অরলিয়নসের আফ্রিকান আমেরিকান নারীদের মধ্যে দারিদ্র্যের হার প্রকট। বেশির ভাগ পরিবারের প্রধান একলা মা। ক্যাটরিনার পর তাঁদের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

দেখা গেছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে পুরুষের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় বলা হয়েছে, ২০০৪ সালে ভারত, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার সুনামির পর নারীরাই বেশি মারা গেছেন।

আরেক গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নারীদের আয়ুষ্কাল কমে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণে নারীবান্ধব কর্মসূচি নেওয়ার কথা বলছে জাতিসংঘ; যদিও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নারীদের অংশগ্রহণের হার এখনো মাত্র ৩০ শতাংশ।

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতিসংঘের আন্তসরকারের প্যানেলের (আইপিসিসি) অন্যতম সদস্য পরিবেশবিদ ডায়ানা লিভারম্যান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তের ক্ষেত্রে করণীয় নির্ধারণে নারীদের প্রায় ক্ষেত্রেই নিয়োজিত করা হয় না। এখানে পুরুষদেরই প্রাধান্য থাকে।