জলবায়ুর পরিবর্তনে চাষের ধরন পাল্টে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট একসময় দেশের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা হিসেবে পরিচিত ছিল। অথচ জলবায়ুর ক্রমাগত পরিবর্তনে সে তকমা এখন আর নেই। অসময়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও খরা কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। তাপমাত্রা আগের তুলনায় বেড়ে যাওয়ায় গরম তীব্রভাবে অনুভূত হচ্ছে। আর এ অবস্থা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ১০ বছর ধরে।
গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় নগরের ধোপাদীঘির পাড় এলাকার এক হোটেলে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব: প্যারিস জলবায়ু সম্মেলনের কাছে বিপন্ন জনগোষ্ঠীর প্রত্যাশা ও দাবি’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণকারীরা এসব কথা জানান। দিনব্যাপী কর্মশালায় ভুক্তভোগী ব্যক্তিদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিবিএএস) উদ্যোগে এবং পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিবিএএসের ফেলো গোলাম রব্বানী। শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিবিএএসের জ্যেষ্ঠ প্রোগ্রাম ব্যবস্থাপক জেবুন নাহার আহমেদ ও পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র।
বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তনে চাষাবাদের ধরন পাল্টে যাচ্ছে। যখন যেসব শস্য উৎপাদন করার কথা, তখন সেসব শস্য উৎপাদন সম্ভব হচ্ছে না। নদী-নালা নাব্যতা হারানোয় মাছের প্রজননক্ষেত্র বিনষ্ট হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর, চা-বাগানসহ সিলেটের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।