জলসুন্দরীর কন্যা জলপরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর থেকে মনে হবে কার্পেট বিছানো। আসলে তা নয়। পুকুরের পানিতে গাঢ় সবুজ শেওলা। মাঝেমধ্যে এই শেওলায় কিসের যেন দোলা লাগছে! একটু পরেই বিশাল ‘হঁা’ করা একটি মুখ দেখা গেল। আরেকটু উঁচু করার পর বোঝা গেল এটি একটি জলহস্তীর মুখ। আকারে বেশ বড়। কিন্তু ওর পাশে কে? মার্বেলের মতো ছোট ছোট দুটি চোখ শেওলার ওপর ভাসছে, আবার ক্ষণিকের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। তবে জলহস্তীটি পুকুর থেকে উঠে আসতেই বোঝা গেল আসল রহস্য। ওর পিছু নিয়ে বের হলো ছোট আরেকটি জলহস্তী। বসন্তের মিঠে রোদ পড়ার পর পানিতে ভিজে থাকা দুটি প্রাণীর শরীর চকচক করছে। নজরকাড়া রূপের জন্য ছোট জলহস্তীর নাম ‘জলপরি’।

৩ মার্চ সকালে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জলহস্তীর পুকুরে ওর জন্ম। জলহস্তীর এই বাচ্চার মায়ের নাম ‘জলসুন্দরী’। চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম বলেন, মায়ের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে মেয়ের নাম।

৩ মার্চ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বাচ্চা প্রসব করেছে একটি জলহস্তী। বাচ্চাটিকে আদর করছে মা। গতকাল সকালে ছবিটি তুলেছেন আশরাফুল আলম
৩ মার্চ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বাচ্চা প্রসব করেছে একটি জলহস্তী। বাচ্চাটিকে আদর করছে মা। গতকাল সকালে ছবিটি তুলেছেন আশরাফুল আলম

জলপরির আবার বেশ আবদার। মায়ের কাছে দুধ খাওয়ার বায়না থাকে সব সময়। একটু পরপর কোল জাপটে ধরার চেষ্টা করে। জলহস্তীদের তত্ত্বাবধানকারী নূর আলম বলেন, জলসুন্দরী পানিতে ডুব দিলেও মেয়ের চোখ ফাঁকি দিতে পারে না। পানির মধ্যেই ডুবে ডুবে দুধ খেয়ে নেয়। আশ্চর্যের ব্যাপার হলো, দুধখাওয়ার সময় এক ফোঁটা পানিও বাচ্চাটির মুখে ঢুকতে পারে না।

নূর আলম বলেন, মানুষের মতোই জলহস্তীদের জীবন। বাচ্চারা ছয় মাস কেবল মায়ের দুধ খাবে। এরপর আস্তে আস্তে ঘাস, লতাপাতা খেতে শুরু করবে। তবে এক বছর বয়স না হওয়া পর্যন্ত দুধ ছাড়বে না বাচ্চারা।

নূর আলম ৩৫ বছর ধরে ঢাকা চিড়িয়াখানায় জলহস্তীদের দেখাশোনা করছেন। তিনি বলেন, ঢাকা চিড়িয়াখানার প্রথম জলহস্তী দম্পতি টিটো-ডায়নার বংশধর জলসুন্দরী। টিটো চলে গেছে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ডায়না ওর ছেলেমেয়েদের নিয়ে ঢাকা চিড়িয়াখানাতেই আছে। সব মিলিয়ে ১৪টি জলহস্তীর বড় সংসার এখানে।

মানুষের কথা বেশ ভালো বুঝতে পারে প্রাপ্তবয়স্ক জলহস্তী। এ কথা জানিয়ে নূর আলম বলেন, ‘জলহস্তীরা আমার কথা খুব শোনে। বাংলা ভাষা বেশ ভালো বোঝে। আমি যদি বলি ‘হা’ কর, ওরা মুখ বড় করে। যদি বলি দৌড় দে, তাহলে দৌড় দেয়। ঘরে যেতে বললে ঘরে চলে যায়। তবে কয়েকটি আছে বেশ দুষ্টু। বিশেষ করে মেয়ে জলহস্তীগুলোর মধ্যে বেশ হিংসুটে ভাব থাকে। জলসুন্দরীর বাচ্চা হওয়ার পর অন্য মেয়ে জলহস্তীগুলো বেশ খেপে আছে। জলপরিকে মারতে চায় ওরা। কিন্তু জলসুন্দরী ওর মেয়েকে আগলে রাখে সব সময়।’

জলহস্তীর খাঁচার সামনে এলে দেখা যায় মা-মেয়ের খেলা। ওর মায়ের খিদে লাগলে পানি ছেড়ে ডাঙায় আসে। তখন জলপরিও পিছু নেয়। মায়ের পিছু ছাড়তে চায় না মেয়ে।