জলাবদ্ধতায় জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে রাজধানীতে গতকাল দিনভর ছিল বৃষ্টি। জলাবদ্ধ রাস্তায় গর্ত দেখা যায় না। যাত্রীসহ রিকশা যায় উল্টে। ছবিটি মালিবাগ থেকে তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে রাজধানীতে গতকাল দিনভর ছিল বৃষ্টি। জলাবদ্ধ রাস্তায় গর্ত দেখা যায় না। যাত্রীসহ রিকশা যায় উল্টে। ছবিটি মালিবাগ থেকে তোলা l প্রথম আলো

ঢাকায় গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বর্ষণে মহানগরের বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিকেলেও আবার ৪ মিলিমিটারের মতো বৃষ্টি হয়। তখনো সকালের বৃষ্টির পানি রাজপথ, অলিগলিতে। গতকাল ছুটির দিন হলেও বৃষ্টি ও জলাবদ্ধতা নগরবাসীকে প্রচণ্ড ভোগান্তিতে ফেলে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশের মতো ঢাকায়ও গতকাল ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোর থেকে বৃষ্টি শুরু হয়। চলতে থাকে কখনো মুষলধারে, কখনো হালকা বর্ষণ। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ১২ ঘণ্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫২ মিলিমিটার।
গতকাল সকাল নয়টার দিকে মতিঝিলে গিয়ে দেখা যায়, সোনালী ব্যাংকের পূর্ব পাশের রাস্তা ছাড়াও ফুটপাত পর্যন্ত ডুবে গেছে। আরামবাগ, ফকিরের পুল মোড় ও আশপাশের এলাকার পানি আর পানি।
রাজারবাগ, শান্তিনগর মোড় তখন তলিয়ে গেছে। ইস্টার্ন প্লাস বিপণিবিতানের সামনে থেকে শান্তিনগর মোড় ছাড়িয়ে চারদিকে যানবাহনের ভিড়। বেইলি রোড, সার্কিট হাউস রোড, সিদ্ধেশ্বরীতেও পানি। মালিবাগ মোড়, মৌচাক এলাকা যেন পুকুর। সেখানে রিকশা-অটোরিকশা উল্টে পড়ার ঘটনাও ঘটে। পানি ঢুকে বন্ধ হয়ে যায় সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। শান্তিনগর থেকে মৌচাক মোড় পর্যন্ত সড়কে ফ্লাইওভার নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলতে থাকায় এই এলাকার নর্দমা ভরাট হয়ে গেছে। ফুটপাত উপচে পনি মৌচাক মার্কেটের পূর্ব-পশ্চিম দিকের গলিতে ঢোকে। এ ছাড়া মৌচাক মোড় থেকে সিদ্ধেশ্বরী রোডের অনেকটা অংশ পানিতে ডুবে ছিল। সিদ্ধেশ্বরী স্কুলের মাঠে ফ্লাইওভারের যন্ত্র ও সরঞ্জাম রাখায় এই পথে অনবরত ভারী যানবাহন যাতায়াত করে। ফলে সড়কে এই অংশটুকু ভেঙে গেছে। পানিতে ডুবে থাকা এই ভাঙা সড়ক দিয়ে যেতে যাত্রী নিয়ে অনেক রিকশা উল্টে যায়। কাদা পানিতে পড়ে যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের শিকার হন। রাতেও এই এলাকায় জলাবদ্ধতা ছিল।
বংশালসহ পুরান ঢাকার অনেক এলাকায়ও পানি জমে যায়। দুপুর সোয়া ১২টার দিকে মহাখালী বাণিজ্যিক এলাকায় দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের বিপরীত দিকের রাস্তায় প্রচুর পানি জমে থাকতে দেখা যায়।
গত সেপ্টেম্বর থেকে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার করার কাজ শুরু হলেও গতকাল আশপাশের এলাকাগুলোয় পানি জমে ছিল।
ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগ থেকে জানানো হয়, আগে ভারী বৃষ্টি হলে যেখানে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকত, এখন অল্প সময় পরই পানি সরে যায়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকা ওয়াসা পানিনিষ্কাশনের ব্যবস্থা করছে বলে জানান তিনি।