ঢাকার নবাবগঞ্জ-পাড়াগ্রাম সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে সড়কটির কয়েকটি অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী যান উল্টে দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলা সদরে সরকারি হাসপাতাল, কলেজ, পুলিশ স্টেশন, ভূমি কার্যালয়সহ বিভিন্ন দপ্তর রয়েছে। তাই প্রতিদিন অসংখ্য মানুষকে ওই সড়ক দিয়ে নবাবগঞ্জে আসতে হচ্ছে। এ ছাড়া রাজধানী ঢাকা থেকে পাড়াগ্রাম হয়ে নবাবগঞ্জ দিয়ে অল্প সময়ে মৈনট ফেরিঘাট পর্যন্ত পৌঁছা যায়। এ জন্য প্রতিদিন শত শত যানবাহনে যাত্রীরা এ সড়ক দিয়ে যাতায়াত করেন।
সরেজমিনে দেখা গেছে, যন্ত্রাইলের ভাওলিয়া বাজার, শোল্লার সিংজোর বাজার ও পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় সড়কে ছোট-বড় অনেক গর্ত রয়েছে। নবাবগঞ্জ-পাড়াগ্রাম রুটের অটোরিকশাচালক মিজানুর রহমান (৪২) বলেন, ‘বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় গাড়ি চালাতে গিয়ে আমাদের অনেক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এ ছাড়া প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হয়। এ সড়কটি আমরা দ্রুত মেরামত চাই।’
কৈলাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, বর্তমানে এ সড়কে চলাচল করা খুবই কষ্টকর। প্রতিনিয়ত সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জনগণের স্বার্থে অনতিবিলম্বে সড়কটির সংস্কারকাজ করা প্রয়োজন।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দৌলতপুর গ্রামের মো. কামরুল বলেন, ‘সড়কে জলাবদ্ধতার কারণে আমাদের এলাকার ছেলেমেয়েরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না।’
নবাবগঞ্জ উপজেলার স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলী মো. শাহজাহান বলেন, সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।