জলাবদ্ধতায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সকাল পৌনে নয়টা থেকে পৌনে দশটা। এক ঘণ্টার অঝোর ধারার বৃষ্টি। তাতেই গতকাল বৃহস্পতিবার তলিয়ে গিয়েছিল রাজধানীর অর্ধেকের বেশি এলাকা। কোনো কোনো স্থানে পানি ওঠে হাঁটুর ওপর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল সকালের এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার।
প্রবল বৃষ্টিপাতের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসমুখী কর্মজীবী নারী, পুরুষ, পথচারী—সবাই চরম দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতার কারণে নগরের অনেক স্থানেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল এলাকায় গিয়ে দেখা যায়, শাপলা চত্বরের পশ্চিম দিক থেকে দৈনিক বাংলার মোড় ও পার্শ্ববর্তী দিলকুশা বাণিজ্যিক এলাকার প্রধান সড়ক তলিয়ে আছে। এ ছাড়া আরামবাগ থেকে ফকিরাপুল হয়ে নয়াপল্টন পর্যন্ত প্রধান সড়কের উত্তর প্রান্তের প্রায় পুরোটাই ডুবে আছে। নয়াপল্টন পুলিশ হাসপাতালের কাছের চৌরাস্তায় স্থবির হয়ে আছে যানবাহন। হাসপাতালের সামনে থাকা রিকশার পাদানির ওপর পর্যন্ত পানি। নয়াপল্টন থেকে আরামবাগ পর্যন্ত রাস্তায় অন্তত ২০টি অটোরিকশা বিকল দেখা গেছে। যানজটের মধ্যে বহু কষ্টে সেগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছেন চালকেরা।
শান্তিনগরের মোড় থেকে চামেলীবাগ পর্যন্ত অনেক পানি দেখা যায় দুপুর সাড়ে ১২টায়ও। মগবাজার থেকে শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসার পথে মৌচাক মোড়ে জলাবদ্ধ রাস্তায় রিকশা উল্টে আহত হন বৃদ্ধ আকরাম হোসেন। তাঁর ছেলে ইমরান হোসেন জানান, বাবার ইসিজি পরীক্ষা করার জন্য এসে একই সঙ্গে পা ভাঙার এক্স–রেও করাতে হবে।
রাজারবাগ পুলিশ লাইনসের উত্তর প্রান্তের রাস্তায়, মালিবাগ মোড়ে, চৌধুরীপাড়া-রামপুরা সংযোগ সড়ক এলাকায়ও অনেক পানি। উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন ছাত্রী শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসেছেন। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টি, জলাবদ্ধতা আর যানজটের বিপাকে পড়েন বলে জানান।
মিরপুরের বাসিন্দা জুয়েল রহমান মতিঝিলের কর্মস্থলে আসার পথে ভোগান্তির কথা জানান। মিরপুর ১৪ থেকে ১০ নম্বর গোলচত্বর আসার পথের জলাবদ্ধতার জন্য ২০ টাকার স্থলে তাঁকে রিকশা ভাড়া দিতে হয় ৫০ টাকা। গোলচত্বরে হাঁটুর ওপর পানিতে দাঁড়িয়ে বাস পেতে সময় লাগে আধা ঘণ্টা। তীব্র যানজটের মধ্যে মতিঝিলে আসতে সময় লাগে আরও তিন ঘণ্টা।
বৃষ্টি, জলাবদ্ধতা আর যানজটে মহাবিপদে পড়েন নগরের ধানমন্ডি, জিগাতলা, শুক্রাবাদ, গোপীবাগ, অভয় দাস লেন, কে এম দাস লেন, সেগুনবাগিচা, বিজয় সরণি, মণিপুরীপাড়া, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়াসহ অনেক এলাকার মানুষও।
জলাবদ্ধতায় ঢাকার অনেক এলাকা তলিয়ে গেলেও এর প্রধান নিয়ন্ত্রক ঢাকা ওয়াসার কাছে গতকালের পরিস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সকালে প্রবল বৃষ্টি হওয়ার কিছু সময় পরেই পানি নেমে যায়। শান্তিনগর, নয়াপল্টন পুলিশ লাইনসসহ কয়েকটি এলাকায় পানি নেমে যায় দুপুরের আগেই।