জাতিসংঘের তত্ত্বাবধানে রামপালে পরিবেশ সমীক্ষার দাবি

জাতিসংঘের তত্ত্বাবধানে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) নতুনভাবে করার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। নতুন সমীক্ষার আগে প্রকল্পের সব কাজ বন্ধ রাখারও দাবি জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সুলতানা কামাল। রামপাল প্রকল্পকে সুন্দরবনের কফিনের প্রধান পেরেক হিসেবে চিহ্নিত করে সুন্দরবনের আশপাশে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্প ও কারখানা বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়েছে কমিটি।
সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ক্ষতির বিষয়টি বেশ ভালোভাবে তুলে ধরছেন। কিন্তু সরকার দেশের মধ্যেই সুন্দরবনের পাশে এমন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছে, যা বাংলাদেশকে পরিবেশের জন্য ক্ষতিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, সরকার সুন্দরবন রক্ষার বিষয়টি পাত্তাই দিচ্ছে না। এ কারণে সুন্দরবনের চারপাশে শিল্পপ্রতিষ্ঠান করার উদ্যোগ অনুমোদন দিচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ‘সুন্দরবন আমাদের সুরক্ষা দিচ্ছে, তাই সুন্দরবনকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। দেশে-বিদেশে রামপাল ইআইএ প্রত্যাখ্যাত হয়েছে।’