
আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা গণগ্রন্থাগার মিলনায়তনে সকালে আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ ও পরিবেশ আন্দোলন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান। বক্তব্য দেন কবি ইবনে সিরাজ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জন-উদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী প্রমুখ। বক্তারা জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক উষ্ণতা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি প্রভৃতি বিপর্যয়ের জন্য মানবসভ্যতাই দায়ী। মানবসৃষ্ট এই বিপর্যয় রোধে মানবসমাজকেই ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে পরিকল্পনা দরকার। এর আগে পরিবেশবিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রংপুর জেলা প্রশাসন ভবনের সামনে থেকে সকাল ১০টায় শোভাযাত্রা বের করা হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এদিকে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কলেজের উদ্যোগে বিরল প্রজাতির গাছ রোপণ করা হয়। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘রণন’ নামের সামাজিক সংগঠনের উদ্যোগে গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে ক্যাম্পাসে থাকা গাছগুলো থেকে তারকাঁটা তুলে ফেলা হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার ২২ কিলোমিটার সড়কে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের ৪০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় দাশিয়ারছড়ার কালিরহাট-গংগারহাট সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও দেবেন্দ্রনাথ উরাঁও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল্যা লিংকন প্রমুখ।
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলা ১১টার দিকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব। এর আগে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে সকাল ১০টায় জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। এ ছাড়া নাটোর শহরের ওপর দিয়ে প্রবাহিত নারদ নদ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এদিকে সদর উপজেলার জংলি এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় তিনি বলেন, ইতিহাস থেকে জানা যায়, একসময় নারদ নদে বড় বড় নৌকা চলত। অথচ এখন এ নদে পানির স্বাভাবিক প্রবাহ নেই। পুরো নদ ময়লা-আবর্জনায় ভরে গেছে। তাই কর্মসৃজন কর্মসূচির কর্মীদের দিয়ে নদের পানি ও দুই তীর পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে। যত দিন প্রয়োজন তত দিন এ কাজ চলবে। দখলদারদের নোটিশ দিয়ে দখলমুক্ত করার প্রাথমিক কাজ শুরু হয়েছে। নিজে থেকে দখল অপসারণ না করলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; কুড়িগ্রাম অফিস, গাইবান্ধা, নাটোর, নীলফামারী, সৈয়দপুর ও তারাগঞ্জ প্রতিনিধি]