জের্ডনের পাতা বুলবুলি
ছবির সুন্দর পাখিটির ছবি যখন মেহেরপুর জেলার কাথুলী গ্রাম থেকে ক্যামেরাবন্দী করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের ছাত্র মো. সালাহউদ্দীন, তখনই তাঁর মনে হয়েছিলÑ নতুন কোনো পাখি হবে এটি। শনাক্তের জন্য তিনি ছবি পাঠান একাধিক পাখি গবেষক-বিশেষজ্ঞের কাছে। হ্যাঁ, সালাহউদ্দীনের ধারণাই সঠিক। এ পাখির ছবি বাংলাদেশের সীমানায় তিনিই প্রথম তুলে রেকর্ড গড়েছেন। তিনি ছবি তুলেছিলেন ২০১৬ সালের ১০ জুলাই। শীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জমজমাট পাখিমেলায় এই নতুন রেকর্ড গড়ার স্বীকৃতি হিসেবে ‘পাখিমেলা’ আয়োজক কমিটির ‘বিগ বার্ড’ পুরস্কার পান তিনি। নতুন পাখির ছবি তোলার রেকর্ডধারী ও পাখিবিষয়ক অন্যান্য দৃষ্টান্তমূলক কাজের জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি সালাহউদ্দীনের আগ্রহের কারণে ওই ছবি আমার কাছে পাঠান পক্ষী আলোকচিত্রী আদনান আজাদ। আমি পাঠিয়ে দিই প্রাণিবিজ্ঞানী, বাঘ বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল এইচ খানের কাছে।Ñ সালাহউদ্দীন আগেই এই বিশেষজ্ঞের কাছে ছবিটি পাঠিয়েছিলেন শনাক্তের জন্য। তিনি আমাকে ‘বিগ বার্ড’ পুরস্কার পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন।
রেকর্ডধারী সালাহউদ্দীনের পাখিটির নাম হরবোলা, পাতা-বুলবুলি ও সবুজ বুলবুলি। আমাদের আবাসিক এই পাখির ইংরেজি নাম Jerdon’s Leaf Bird. বৈজ্ঞানিক নাম chloropsis jerdoni. দৈর্ঘ ১৮-১৯ সেমি। ওজন ২৭-৩৩ গ্রাম।
এই পাখি হরবোলা নামে এ জন্য পরিচিত যে এরা অন্য বেশ কয়েক প্রজাতির পাখির ডাক নকল করতে পারে। ডালপাতার আড়ালে বসে নকল ডাক ছেড়ে এ পাখি অন্য পাখিকে ভড়কে দিয়ে বেশ মজা পায়। আবার যে গাছে ফল ও ফুল আছে,Ñ সেই গাছে খাবার খেতে যখন বিভিন্ন প্রজাতির অনেক পাখি জোটে, তখন শিকারি পাখি ডাক ছাড়লে আতঙ্কে ওই পাখিগুলো উড়ে পালায়। তখন গিয়ে খায় একা একা পেটপুরে। দাপুটে ও সাহসী এই পাখির ভেতরে একটি ‘হামবড়া’ ভাবও লক্ষ্য করা যায়। খাওয়ার সময় গাছের ঝুলন্ত-দুলন্ত সরু ডালপাতায় দুলে-ঝুলে এ পাখি সার্কাসম্যানের মতো যেমন মজার নানান কসরত দেখায়, তেমনি চমকপ্রদ অ্যাক্রোব্যাটিকও প্রদর্শন করে। পলাতক উড়ন্ত পোকামাকড় ঊর্ধ্বমুখী যেকোনো অ্যাঙ্গেলে ডাইভ দিয়ে এরা পাকড়াও করতে পারে শূন্যে নান্দনিক সৌন্দর্য সৃষ্টি করে। এ পাখির মূল খাদ্য নানা রকম ফল-ফুলের কলি ও কচি পাপড়িসহ ফুলের রেণু। গাছের খোঁড়লে-খোঁদলে জমা বৃষ্টি বা শিশিরের জমা জলও পান করে। পলাশ ফুল ফুটলে সেই গাছে এ পাখি আসবেই বলে মনে করা হয়।
পুরুষ হরবোলার ঠোঁট, গলা, চিবুক ও চোখের নিচ কাজল কালো। ঠোঁটের গোড়া থেকে নীলচে-সবুজ রঙের চওড়া একটি টান বয়ে গেছে চোখের নিচ দিয়ে। মাথার তালু ও ঘাড় সবুজাভ-হলুদ। চোখের উপরিভাগের হলুদাভ রং এ পাখির ঘাড় ও বুক পর্যন্ত নেমেছে। বুক ও পেট কচি কলাপাতা সবুজ। ডানার প্রান্ত ও লেজের উপরিভাগ আকাশি নীল। পিঠ গাঢ় পাতা-সবুজ। ঠোঁট কালো। পা ও পায়ের পাতা স্লেটি-ধূসর। নখ ছাইরঙা। স্ত্রী পাখির গলা ও ডানার প্রান্ত এবং লেজের উপরিভাগ আকাশি নীল, মাথার তালু ও ঘাড় হলুদাভ। পিঠ পাতা-সবুজ। বুক ও পেট সবুজাভ,Ñতাতে হলুদের আলতো ছোঁয়া। ঠোঁট মাংসল-বাদামি।
হরবোলা বাসা করে হেমন্ত ও গ্রীষ্মে। গাছের খাড়া ও সরু দুই ডাল বা তিন ডালের ভেতরে বাঁশের শিকড়, পাতা ও কলাগাছের আঁশ, শুকনা ঘাস, মাকড়সার জাল ইত্যাদি দিয়ে বাটির মতো বাসা বানায়। চকচকে ক্রিম বা গোলাপি-ক্রিম রঙের ২–৩টি ডিম পাড়ে। আমাদের টিলা-পাহাড়ি বন, সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে পাখিটি দেখতে পাওয়ার সম্ভাবনা আছে।