
পৌষের শেষ বিকেলের সূর্যটা যখন হলুদ হতে শুরু করেছে সবে, বইছে শীতের হাওয়া, তখনই উড়াল দিল মাঠের ভেতরের জলাভূমি থেকে একঝাঁক রামঠেঙ্গি চ্যাগা। ক্ষণিকের জন্য সূর্যটা যেন আমার চোখের আড়াল হলো। আমার সঙ্গের দুজন আলোকচিত্রী নেমে গেছে বিশাল বিলে (ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটির বিল)। একটি বিরল পাখির ছবি তুলতে চেষ্টা করছে। আমি বসা বিলটির ভেতরের একটি উঁচু মতোন জায়গায়। ৮-১০টি চ্যাগাজাতীয় পাখি নামল এসে সামনের প্রায় শুকনো জমিটায়। চরতে চরতে পাখি কটি আমার বেশ কাছাকাছি চলে এল, শেষ বেলার মতো খেয়ে নিচ্ছে ওরা তড়িঘড়ি করে। বিরল পরিযায়ী পাখি এরা।
বাইনোকুলারে ধরলাম সামনের পাখি কটিকে। গলা-বুক ও লেজের তলা সাদা, ঘাড়-গলা-বুকে অবশ্য বাফ্রঙা আভা ছড়ানো, পিঠ ও লেজের উপরিভাগটা বালু-বাদামি, তার ওপরে মাছের আঁশের মতো কালচে-বাদামি ছোপ আছে অনেকগুলো। ঠোঁটের গোড়ায় একটি সাদাটে বৃত্ত—ঠোঁটটি ধূসরাভ, অগ্রভাগটা কালো। পায়ের রং কমলা-হলুদ। নখ কালো। এরা আমাদের দেশে পরিযায়ী পাখি। শীতে আমাদের দেশে এদের যে রংটা দেখা যায়, বসন্তে বা ওদের প্রজনন মৌসুমে সেই রংটা বদলে তো যায়-ই, বলা যায় রং হয় অনন্যসাধারণ। মুখমণ্ডল ও ঠোঁটের রং হয় লালচে-বাদামি। কালো চোখ উজ্জ্বল হয় বেশি। পিঠ ও ডানার ওপরে যেন ময়ূরের পেখমের মতো রং ফোটে—শিল্পীর চিত্রিত কারুকাজ যেন। মেয়ে পাখিটির পিঠেও একই রকম কারুকাজ দেখা যায়। এরা যেখানে ডিম-ছানা তোলে (তুন্দ্রাঞ্চল, উত্তর ইউরোপ, ফ্রান্স ইত্যাদি) বা প্রজননকাল কাটায়, সেটিকে বলে ‘Ruff hills’ বা ‘Leks’। মেয়ে পাখিটি ‘Reeve’ নামে খ্যাত। এই Reeve-কে পটানোর জন্য পুরুষদের কতই না কসরত করতে হয়! ঘাড়-মাথার পালক ফুলিয়ে-দুলিয়ে নাচতে হয়। অন্য পুরুষ পাখিদের সঙ্গে ঠোকাঠুকি করতে হয়, মাথায় মাথা ঠেকিয়ে লড়তে হয় গরু-ছাগলের মতো। এই প্রজননক্ষেত্রটা সাধারণত পাহাড়-পর্বতের পাশে, ঢালে অথবা উপত্যকা বা মালভূমিতে হয়। এটাকে বলা হয় নাচমঞ্চ বা প্রেমমঞ্চ। শীতে এরা আমাদের দেশে আসে। তখন শরীরের সব রং খসে পড়েছে।
বাসা করে মাটির ওপরে। ডিম তিন-চারটি। ডিমে তা দেওয়া থেকে বাচ্চা লালন-পালনের ভার সম্পূর্ণ মেয়ে পাখিটির। ডিম ফোটে ২৪ থেকে ২৭ দিনে।
এদের মূল খাদ্যতালিকায় আছে ছোট বিট্ল পোকা, গ্রাসহুপার, জলজ সুতোপোকা, কচি ঘাসের ডগা, জলজ কীটপতঙ্গ, ছোট গুগলি শামুক, ছোট মাছ-ব্যাঙ, শস্যদানা ইত্যাদি।
পাখিটির বাংলা নাম জোয়ালা। বাগেরহাটে এটি মুরগি চ্যাগা নামে পরিচিত। ইংরেজি নাম Ruff, বৈজ্ঞানিক নাম Philomachus pungax। পুরুষটির মাপ ২৬ থেকে ৩২ সেন্টিমিটার। মেয়েটি ২০ থেকে ২৫ সেন্টিমিটার। এরা দিবাচর। তবে চাঁদনি রাতেও চরে। সম্প্রতি এদের খবর পেয়ে ঢাকা থেকে কুটির বিলে গিয়েছিলাম।