জোয়ার ও পাহাড়ি ঢলে বন্যা

গত সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢল ও উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে ঢুকে পড়া জোয়ারে প্লাবিত হয়েছে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চল। কোথাও কোথাও সড়ক ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগব্যবস্থা।
প্রথম আলোর প্রতিনিধিরা জানান, গত রোববারের এক দফা বর্ষণের পর সোমবার রাতেও সাগরের নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে চট্টগ্রাম ও বান্দরবানের অনেক এলাকা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। উপকূলীয় এলাকার অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে নিচু এলাকায়।
বৃষ্টি ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। এতে উপজেলার সদর ইউনিয়নসহ সাতটি ইউনিয়নের ২০টি গ্রাম তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরায়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রবল জোয়ার ও পাহাড়ি ঢলে আনোয়ারা উপকূলের বিভিন্ন এলাকায় বাঁধ ভেসে গেছে। এ ছাড়া আগে থেকে ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীর বাঁধ ভেঙে বাজালিয়া ইউনিয়নের ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে প্রায় ৭০টি মাছের খামার। এ ছাড়া প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার বড়দোয়ারা মাহালিয়া রাস্তার মাথা এলাকা তলিয়ে গেছে। এতে গতকাল ভোর ছয়টা থেকে বান্দরবান জেলা সদরের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাপস তান্তি দত্ত বলেন, শঙ্খ নদীর বাঁধ ভেঙে পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। ১৯৯৭ সালেও শঙ্খ নদীর একই এলাকায় বাঁধ ভেঙেছিল। জরুরি ভিত্তিতে ভাঙা অংশ মেরামত না করলে বাজালিয়া ইউনিয়নের পাশের ইউনিয়নগুলোও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার বেশ কিছু এলাকা ও সড়ক পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি বেশ কিছু বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাঁশখালীতে পাহাড়ি ঢলে কালিপুর ইউনিয়নের গুনাগরি কোকদন্ডী এলাকায় পাহাড়ি ঢলে ভেসে গেছে অধ্যাপক আসহাব উদ্দিন সড়ক। এতে উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের সড়ক যোগাযোগবিচ্ছিন্ন রয়েছে। এতে ২০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় আছে। বাঁশখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, অধ্যাপক আসহাব উদ্দিন সড়কসহ উপজেলার মোট তিনটি সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। অনুদান পেলেই সড়কগুলো সংস্কার করা হবে।
নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে নতুন করে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এ কারণে ধলঘাট ও মাতারবাড়ী ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় গিয়ে দেখা গেছে, মাতারবাড়ী ইউনিয়নের প্রায় আধা কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে দক্ষিণ মগডেইল, সাইরার ডেইল, মাইজপাড়া, বিলপাড়া, ফুলজানমোরা, দক্ষিণ রাজঘাটের অন্তত এক শ কাঁচা ঘরবাড়ি ধসে গেছে। ধলঘাট ইউনিয়নেরও সাতটি গ্রাম জোয়ারের সময় তলিয়ে গেছে।
এ ছাড়া মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমে ষাইটপাড়া এলাকায় নতুন করে বেড়িবাঁধ ভাঙন দেখা দেওয়ায় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ ৩০০ পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়েছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যে ভাঙা বেড়িবাঁধগুলো সংস্কার করা হবে। বর্ষার পর ধলঘাট ও মাতারবাড়ীতে স্থায়ীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
বান্দরবানে টানা দুইদিনের ভারী বৃষ্টিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে নিম্নাঞ্চল ডুবে বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-রাঙামাটি সড়কে সরাসরি যোগযোগ বন্ধ রয়েছে। জেলা শহরেও কয়েকটি স্থান ডুবে গিয়ে আড়াই হাজার মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম বলেছেন বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কে পানি উঠেছে। বান্দরবান-রাঙামাটি সড়কের স্বর্ণমন্দির এলাকার বেইলিসেতু পানিতে তলিয়ে রয়েছে। এ জন্য ওই দুই সড়কে সরাসরি যানবাহন চলাচল না করছে না।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, জেলা শহরের পুলিশ লাইন ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকায় চলাচলের সড়কটি পানিতে ডুবে রয়েছে। এতে লোকজনের চলাচলে সমস্যা হচ্ছে।
এদিকে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে গতকাল দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি-বেসরকারি সব বিভাগকে দুর্যোগ মোকাবিলায় একযোগে কাজ করার সিদ্ধান্ত হয়। জেলার দুর্গত মানুষজনকে খাবার বিতরণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও টর্নেডোর আঘাতে চট্টগ্রামের বোয়ালখালীতে কয়েক শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারে ভেসে গেছে বেশ কয়েকটি মাছের খামার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আখতার বলেন, গতকাল ভোরে টর্নেডোর আঘাতে উপজেলার চরণদ্বীপ, শ্রীপুর-খরণদ্বীপ ও পৌরসভার কিছু এলাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে। ১৭টি বসতঘর পানিতে তলিয়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সাহায্য করা হবে।