ভোলার লালমোহন উপজেলার চর কচুয়াখালীতে ১২ হাজার পরিবারের বাস। প্রতিদিন জোয়ারের পানিতে এই চর ডুবে যায়। এতে নাকাল হতে হচ্ছে প্রায় ২৫ হাজার বাসিন্দাকে।
এদিকে ১৫ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার প্রস্থের এ চরটিতে ১৯টি গুচ্ছগ্রাম নির্মাণের কাজ চলছে। কিন্তু জোয়ার ও বৃষ্টির পানিতে এ প্রকল্পের মাটি কাটার কাজ ভেস্তে যেতে বসেছে। চরের বাসিন্দাদের দাবি, চরের চারপাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে হবে।
কচুয়া চরের আমির হোসেনসহ অন্তত ২৩ জন বাসিন্দা প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়া নদীর মধ্যে ৩০ বছর আগে চরটি জেগে ওঠে। এই চরে ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন এলাকার ১২ হাজার পরিবার আশ্রয় নিয়েছে। এখানে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে খুঁটির ঘরবাড়ি নির্মাণ করা হয়। লোকজন মই বেয়ে এসব ঘরে ঢোকেন। এখানে অন্তত ২৫ হাজার মানুষের বাস। এর মধ্যে ভোলার অংশে প্রায় ৫ হাজার হেক্টর জমি আবাদ হচ্ছে। ২৫টি বাথানে কয়েক হাজার মহিষসহ কয়েক হাজার গবাদিপশু রয়েছে। বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে চরটি প্রতিদিন প্লাবিত হচ্ছে। এর ওপর কয়েক দিনের টানা বৃষ্টি ও জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি পায়। তখন ঘরেও পানি ওঠে। এতে মানুষের দুর্ভোগ অনেক বেড়ে যায়। তা ছাড়া খেতের ফসল ডুবে যায়। এই দুর্ভোগ থেকে নিস্তার পেতে হলে চরটির চারপাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা দরকার।
চর কচুয়া লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের অংশ। ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রব মোল্লা বলেন, চর কচুয়ার চারপাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হলে চরের ওই ৫ হাজার হেক্টর খেত তিন ফসলি জমিতে রূপ নেবে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অপূর্ব দাস বলেন, চরটিতে ১৯টি গুচ্ছগ্রাম নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ চলছে। প্রায় ৩ হাজার মেট্রিক টন খাদ্যশস্যের বিনিময়ে ২০১৬-১৭ অর্থবছরে এসব মাটি ভরাটের কাজ শুরু হয়। ইতিমধ্যে ১৪টি প্রকল্পে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। বাকি ৫টির কাজ শেষ হয়েছে ৭০-৮০ শতাংশ। কিন্তু অবিরাম বর্ষণ ও জোয়ারের পানিতে এসব প্রকল্পের মাটির প্রায় ৩৮ শতাংশ ধুয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে শীতে গুচ্ছগ্রামে ঘর তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো-২) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাইছার আলম বলেন, চর কচুয়াখালীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরি করে ঢাকা কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সেটি পাস হলে দরপত্র আহ্বান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল আরিফ বলেন, চরের মানুষের মানবেতর জীবনযাপন অবসানের জন্য বাঁধ ও পানি নেমে যাওয়ার জন্য জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা জরুরি।