ঝড়ে বিদ্যালয় বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরীক্ষা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উল্লারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরটি গত মঙ্গলবার রাতের কালবৈশাখীতে বিধ্বস্ত হয়েছে। ফলে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা। বৃষ্টি হলেই বন্ধ হয়ে যাচ্ছে পরীক্ষা।
বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও কয়েকজন শিক্ষক সূত্রে জানা গেছে, উপজেলা মরিচপুরান ইউনিয়নের উল্লারপাড় গ্রামে ২০০০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ২৪১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন চারজন। মঙ্গলবার রাতের ঝড়ে বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট ঘরটি বিধ্বস্ত হয়। ভবনের টিনের চাল গিয়ে পড়ে পাশের ধানখেতে। এ সময় বিদ্যালয়ের কার্যালয়ের আসবাব এবং নলকূপ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শৌচাগারটি ভেঙে যায়। এ সময় লাইব্রেরিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভবন ভেঙে পড়ে আছে। খোলা আকাশের নিচে বেঞ্চে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলছে। এ সময় পঞ্চম শ্রেণির ছাত্রী লিমা আক্তার বলে, ‘বৃষ্টি আসায় গত বৃহস্পতিবার বাংলা পরীক্ষা শুরু হতে দেরি হয়েছে। পরীক্ষা শেষে আবার বৃষ্টি এলে স্যার, ম্যাডামসহ আমরা সবাই ভিজে বাড়ি ফিরি।’
বিদ্যালয়ের শিক্ষক করুণা ইয়াসমিন বলেন, ‘এখন দিনের ওপর ভরসা করে পরীক্ষা নিতে হয়। আশপাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাই শিক্ষার্থীদের কথা ভেবে বিদ্যালয়টি সংস্কার করা জরুরি।’ প্রধান শিক্ষক মো. ফজলুল হক জানান, রুটিন অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা চলছে। ঝড়ে ভবন বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ওই পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে বৃষ্টির কারণে পরীক্ষা শুরু করতে অনেক সময় দেরি হচ্ছে। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিক উদ্দিন বলেন, বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে।