ঝড়ে মানিকগঞ্জে তিন বিদ্যালয় বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববারের ঝড়ে মানিকগঞ্জে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘর বিধ্বস্ত হয়েছে। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান। জরুরি ভিত্তিতে বিদ্যালয়গুলো সংস্কার ও নতুন ঘর নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বৈদ্যুতিক গ্রিডে বজ্রপাত ও গাছপালা ভেঙে গাজীপুরের বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়। পরে বিকল্প পথে রাত তিনটার দিকে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় গতকাল সোমবার রাত পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় তিনটি হলো দৌলতপুর উপজেলার বিনোদপুর আদর্শ বিদ্যালয়, শিবালয়ের জাফরগঞ্জ উচ্চবিদ্যালয় ও হরিরামপুরের ডাকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দৌলতপুরের খলসী ইউনিয়নের বিনোদপুর আদর্শ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অজিত কুমার সরকার বলেন, রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঝড়ে বিদ্যালয়টির তিনটি টিনের ঘরের মধ্যে দুটি সম্পূর্ণ বিধ্বস্ত এবং বেশ কিছু চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে নতুন ঘর নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের পাঠদান করা অসম্ভব হয়ে পড়বে।

শিবালয়ের জাফরগঞ্জ উচ্চবিদ্যালয়ের দুটি টিনের চৌচালা ও একটি ছাপরাঘর বিধ্বস্ত হয়েছে।

হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ডাকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ হোসেন বলেন, তাঁদের একটি আধা পাকা ভবনের ওপরের টিন ঝড়ে উড়ে গেছে। শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে ভবনের চাল শিগগিরই মেরামত করা প্রয়োজন।

জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে নতুন ঘর নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করতে বলা হয়েছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম.) জুবাইদুর রহমান বলেন, ঝড়ে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ির ভেতরে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন জেলা হিসাবরক্ষকের কার্যালয়ের নেটওয়ার্কিং টাওয়ারটি পাশের বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ে। এটি অপসারণ করে প্রায় ছয় ঘণ্টা পর জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এ ছাড়া জেলা শহরের ছায়াবীথি এলাকায় বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে পড়ে এবং কাপাসিয়া, কালীগঞ্জ ও গাজীপুর সদর উপজেলায় বিদ্যুতের তারের ওপর গাছপালা ভেঙে পড়েছে। এসব গাছ অপসারণ এবং খুঁটি স্থাপনের পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে ছায়াবীথি এলাকায় বিদ্যুৎ দিতে সময় লাগবে। বর্তমানে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ১১৫টি ফিডারের মধ্যে সাতটি বন্ধ রয়েছে।