ঝাড়ু হাতে ক্রিকেটার মন্ত্রী মেয়র

রাজধানীর সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার জনসন সড়কের রায়সাহেব বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘জাতি হিসেবে আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী। আমরা চাইলে সবকিছু করা সম্ভব। ঢাকা নগরকে নিজেদের মতো সাজাতে সবাইকে সড়কসহ চারপাশ পরিষ্কার রাখতে হবে৷ এবার আমাদের স্লোগান “ঢাকা ক্লিন-২০১৬”।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পোশাক গায়ে ঝাড়ু হাতে সড়ক পরিষ্কারে নামেন মাশরাফি বিন মুর্তজা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ডিএসসিসির ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাস ও আবদুর রহমান মিয়াজী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই সড়ক পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। পরে শাঁখারীবাজার ও রায়সাহেব বাজার এলাকার বিভিন্ন সড়ক পরিষ্কার করেন তাঁরা।