চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় কাটাখালী খালের ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী বদিউল আলম। পরিবারের সাত সদস্য নিয়ে এখন আশ্রয় নিয়েছেন এক আত্মীয় বাড়িতে। কিছু দিন আগে খালের ভাঙনে নিজের দোকানঘরও হারিয়েছেন রাঙ্গুনিয়ার কাটাখালী গ্রামের বাসিন্দা বদিউল।
কেবল বদিউল আলম নন, গত কিছু দিনে কাটাখালী গ্রামের ২০টি পরিবারের লোকজন খালের ভাঙনে বাস্তুহারা হয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে খালপাড়ের আরও দুই শতাধিক পরিবার। খালের ভাঙনে বিলীন হয়েছে চন্দ্রঘোনার কাটাখালী ও মরিয়ম নগরের দক্ষিণপাড়া সড়ক। এ ছাড়া ভাঙনের মুখে রয়েছে মরিয়ম নগরের উত্তরপাড়া সড়ক।
গত বুধবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ও মরিয়ম নগর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
চন্দ্রঘোনার কদমতলী গ্রামের বাসিন্দা মো. সেলিম বলেন, কাটাখালী খালের ভাঙন থেকে বসতঘর রক্ষা করতে বাঁশ ও গাছের খুঁটি গেড়েছেন ঘরের চারপাশে। কিন্তু এরপরও খালের ভাঙনে বাড়ির একাংশ ধসে গেছে।
ভাঙনের কবলে রয়েছে এই এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মো. ইদ্রিস বলেন, খালের বিরামহীন স্রোতে স্কুলের সামনের সড়কটি ধসে গেছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, কাটাখালী খালের ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলার জন্য স্থানীয় চেয়ারম্যানদের বলা হয়েছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্যবস্থা নিচ্ছে।