ঝোড়ো হাওয়ার কবলে উপকূলীয় অঞ্চল ও চার সমুদ্রবন্দর
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চল ও চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা গতকাল সোমবার ঝোড়ো হাওয়ার কবলে পড়ে।
এ পরিস্থিতির কারণেই গতকাল আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছিল। এ কারণেই উপকূলে নৌ-চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়। ফলে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে নৌবাহিনীর একটি জাহাজে সেন্ট মার্টিন থেকে অনেক পর্যটককে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়।
তবে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সরে যাওয়ায় বাংলাদেশে এর বিরূপ প্রভাব নিয়ে আর বেশি দুশ্চিন্তা নেই। নিম্নচাপে পরিণত হওয়ার আগে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বিরাজ করছিল।
তার ওপর বর্ষার ভরা মৌসুম হওয়ায় এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলো ছাড়াও দেশের অনেক স্থানে দুই দিন ধরে ঝোড়ো হাওয়া বয়ে যায়। গতকাল তার মাত্রা আরও বেড়ে গিয়েছিল। নদনদী স্বাভাবিকের তুলনায় উত্তাল ছিল। জোয়ারের উচ্চতা ও পানির স্রোতও ছিল বেশি।
আবহাওয়া অফিস জানায়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলীয় নদীবন্দরগুলোকে ২ নম্বর ও উত্তরাঞ্চলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ট্রলার ও মাছ ধরার নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার দেশের সব কটি বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস: আবহাওয়া অফিস আবহাওয়ার এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছে, চলতি আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক বা একাধিক মৌসুমি নিম্নচাপ।
আগামী মাসে (সেপ্টেম্বর) স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক বা একাধিক নিম্নচাপ। অক্টোবর মাসেও আবহাওয়ার ধরন সেপ্টেম্বর মাসের মতো একই রকম থাকতে পারে।