ঝোড়ো হাওয়ায় ভুগছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে গতকাল চট্টগ্রাম নগরের বেশ কিছু এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়ে। ছবিটি গতকাল দুপুরে পতেঙ্গা বেড়িবাঁধ সড়কের জেলেপাড়া এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে গতকাল চট্টগ্রাম নগরের বেশ কিছু এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়ে। ছবিটি গতকাল দুপুরে পতেঙ্গা বেড়িবাঁধ সড়কের জেলেপাড়া এলাকা থেকে তোলা l সৌরভ দাশ

ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। রাস্তায় যানবাহনের সঙ্গে লোকজনের আনাগোনাও কম। বাতাসের ঝাপটায় ছাতা সামলাতে নাকানি-চুবানি খেতে হয়েছে পথচারীদের। ঘূর্ণিঝড় ‘কোমেন’ কখন আঘাত হানবে—দিনভর বাসায় বা পথেঘাটে মানুষের মধ্যে ছিল এমন আলোচনা। বিপদের আশঙ্কায় চট্টগ্রাম নগরের বাইরে আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় লোকজন ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন।
ঝোড়ো হাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার নগরের বিভিন্ন স্থানে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ঘূর্ণিঝড় আতঙ্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পোশাক কারখানায় দুপুরের মধ্যে ছুটি দেওয়া হয়। একই কারণে নগরের বেশির ভাগ বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। কিছু কলেজ খোলা থাকলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম।

পতেঙ্গা উপকূলীয় এলাকায় গতকাল সকাল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়। পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
পতেঙ্গা উপকূলীয় এলাকায় গতকাল সকাল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়। পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

গত বুধবার রাত থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন নগরের পতেঙ্গা উপকূলে মাইকিং করে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়। নগরের বাইরে পাঁচটি উপজেলার অন্তত ৫০ হাজারের বেশি লোককে গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। এর মধ্যে বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি ৩০ হাজার লোককে আশ্রয়কেন্দ্রে রাখা হয়। এ ছাড়া সন্দ্বীপে ৯ হাজার ৩০০, আনোয়ারায় সাড়ে ৮ হাজার, মিরসরাইয়ে সাড়ে ৫ হাজার ও সীতাকুণ্ডে অন্তত ৫০০ লোককে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সকালে দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য জানানো হয়।
৫০ হাজারের বেশি লোক আশ্রয়কেন্দ্রে রয়েছে উল্লেখ করে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে ত্রাণও প্রস্তুত রাখা হয়েছে।’

কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে গতকাল নোঙর করে রাখা হয় পণ্যবাহী ছোট জাহাজ। গতকাল বিকেলে কর্ণফুলী নদীর তীর থেকে তোলা ছবি l  প্রথম আলো
কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে গতকাল নোঙর করে রাখা হয় পণ্যবাহী ছোট জাহাজ। গতকাল বিকেলে কর্ণফুলী নদীর তীর থেকে তোলা ছবি l প্রথম আলো


ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে নগরের বাটালী পাহাড়ে উপড়ে গেছে অসংখ্য গাছ। গতকাল দুপুর একটায় সেখানে গিয়ে দেখা যায়, আশপাশের বস্তির লোকজন উপড়ে পড়া গাছ কেটে নিচ্ছে। এই পাহাড়ের দক্ষিণ অংশের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশন এবং উত্তর অংশের মালিক গণপূর্ত বিভাগ। উপড়ে পড়া গাছগুলো করপোরেশনের।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রথম আলোকে জানান, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। সে কারণে গাছ উপড়ে পড়ে গেছে।
বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত: গতকাল ভোরে প্রচণ্ড ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে ও বৈদ্যুতের তার ছিঁড়ে যায়। দুর্ঘটনা এড়াতে নগরের বেশির ভাগ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে দুপুরের মধ্যে বেশির ভাগ এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পিডিবি সূত্র জানায়, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা, চট্টগ্রাম ক্লাবের পেছনে, টাইগার পাস এলাকা, পতেঙ্গা নিউমুরিং এলাকা, জামালখান এলাকাসহ নগরের বেশ কয়েকটি স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক লাইনের ওপর পড়েছে। আগ্রাবাদ, পাহাড়তলী, পাথরঘাটা, হালিশহর, রামপুরা প্রভৃতি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান, লামা, চকরিয়ার বেশির ভাগ এলাকাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না।
পিডিবি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর সেন প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক ছিলাম। যেখানেই তার ছিঁড়েছে সেখানেই আমরা ত্বরিত গতিতে ব্যবস্থা নিয়েছি। তবে দুপুরের মধ্যেই বেশির ভাগ এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’
আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উপজেলার ২২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে ৯ হাজারসহ ৫০ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে রয়েছেন।