ঝড়, জলোচ্ছ্বাস, জোয়ারে নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুটি নদীর মোহনায় অবস্থিত খেতাছিড়া গ্রাম। গ্রামের পশ্চিমে বলেশ্বর নদ ও দক্ষিণ-পূর্ব দিকে হলতা নদী। ঘন ঘন নিম্নচাপ, ঘূর্ণিঝড়, অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে অসহনীয় জোয়ারে নাকাল ওই গ্রামের পাঁচ শতাধিক পরিবার।
খেতাছিড়া গ্রামের বেড়িবাঁধের বাইরে হলতা নদীর তীরবর্তী তিন কিলোমিটার এলাকাজুড়ে বসবাসরত পরিবারগুলো কয়েক বছর ধরে বন্যা ও জলোচ্ছ্বাসের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। একটি বেড়িবাঁধ হলেই তাদের দুঃখের দিন ঘুচত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। খেতাছিড়া গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘গাঙ্গের (নদী) পানি বাড়তে দ্যাখলেই পিলাই কাঁপে। জোয়ারের পানিতে বাড়িঘর তলাইয়া (ডুবে) যায়। চুলায় আগুন জ্বালাইবার মতো অবস্থাও থাহে না।’
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বলেশ্বর নদের অব্যাহত ভাঙনের ফলে খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের চারটি স্থানে ভেঙে গেছে। বলেশ্বর ও হলতার মোহনায় ভাঙনে কয়েকটি বাড়ির একাংশ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগে শুধু জলোচ্ছ্বাসের পানি বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে এবং সড়ক উপচে ভেতরে ঢুকে পড়ত। ঘন ঘন নিম্নচাপ এবং অমাবস্যা-পূর্ণিমার প্রভাবে উপকূলীয় এলাকায় জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ফলে অতি উচ্চতার জোয়ারের পানিতে ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। গত এক মাসে অতি উচ্চতার দুটি জোয়ারের পানিতে খেতাছিড়া গ্রামের হলতা নদীর তীরবর্তী সড়ক উপচে ভেতরে পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়।
খেতাছিড়া গ্রামের সুলতান কাজী বলেন, সাপলেজা ইউনিয়নের বাবুবাজার থেকে খেতাছিড়া গ্রামের বলেশ্বর নদ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি উঁচু বেড়িবাঁধে উন্নীত করা হলে দুই শতাধিক পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।
মো. হানিফ নামের এক জেলে জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে খেতাছিড়া গ্রামের ৭৬ জন লোক প্রাণ হারান। আইলা ও মহাসেনের পর এখন অতি উচ্চতার জোয়ার এলাকার মানুষের কাছে মহা আতঙ্কের নাম।
সাপলেজা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ বলেন, জোয়ার-ভাটায় মানুষ বন্দিজীবন কাটাচ্ছে। খেতাছিড়া গ্রামের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে ভাঙা বেড়িবাঁধ মেরামত ও হলতা নদীর তীর ঘেঁষে নতুন বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মঠবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী উজ্জ্বল সেন বলেন, তিন-চার মাস ধরে পূর্ণিমা ও অমাবস্যার প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়েও তিন-চার মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্টের আওতায় ভাঙা বেড়িবাঁধ মেরামত ও নির্মাণ কাজ হাতে নেওয়া হচ্ছে।