
ঘূর্ণিঝড়ের কারণে গতকাল শনিবার কিছু সময়ের জন্য চট্টগ্রাম নগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এদিকে নগরের খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকার অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে জোয়ারের পানি ঢুকে পড়ায় চাল-ডালসহ বিপুল পরিমাণ ভোগ্যপণ্য নষ্ট হয়ে গেছে। এ ছাড়া জোয়ার ও টানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের সহকারী প্রধান প্রকৌশলী কেনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বেলা ১১টা থেকে চট্টগ্রাম নগরে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বেলা পৌনে একটার মধ্যে পুরো নগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। ঘূর্ণিঝড়ের তীব্রতা কমে আসার পর বেলা সাড়ে তিনটা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। সন্ধ্যা ছয়টার মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রথম আলোকে বলেন, ঝড়ের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। পতেঙ্গায় বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার পড়ে যায়।
বিদ্যুৎ না থাকায় নগরের অনেক বাসাবাড়িতে পানির সংকট দেখা দেয়। এতে রান্নাসহ দৈনন্দিন কাজ করতে গিয়ে বিপাকে পড়েন গৃহিণীরা।
গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বিদ্যুৎহীন রয়েছে। ঝড়ে ক্যাম্পাসে দেড় শতাধিক গাছ ভেঙে পড়েছে। উপড়ে গেছে বিদ্যুতের ১৫-২০টি খুঁটি।
এদিকে চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জে গুদাম ও দোকানে জোয়ারের পানি ঢুকে পড়ে। খাতুনগঞ্জের শাপলা ডাল মিলের মালিক সুবিমল দাশ প্রথম আলোকে বলেন, জোয়ারের পানি ঢুকে তাঁর ১০০ বস্তা মটর ডাল নষ্ট হয়ে গেছে। প্রতি বস্তায় ডাল ছিল ৫০ কেজি করে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ জানান, দুপুর ১২টার দিকে জোয়ারের পানি ঢুকতে শুরু করে ওই বাণিজ্যিক এলাকায়। বেলা তিনটার পর জোয়ারের পানি নেমে যায়। তিনি বলেন, প্রায় ৫০০ গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি উঠে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বিকেলে খাতুনগঞ্জ এলাকা পরিদর্শন করেন।
চাক্তাই এলাকার দোকান, কারখানা ও গুদামের নিচতলার চত্বরে পানি ঢুকে পণ্য নষ্ট হয়।
চাক্তাই শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, জোয়ারের পানিতে চাল, ডাল, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ ভোগ্যপণ্য নষ্ট হয়ে গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, আগের তুলনায় এবার দ্রুত পানি নেমে গেছে।
জোয়ারের পানিতে বন্দরের অদূরে অবস্থিত বেসরকারি কনটেইনার ডিপো এছাক ব্রাদার্স লিমিটেডের একাংশে পানি ওঠে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, খালি কনটেইনার রাখার চত্বরের একাংশে দুই-তিন ফুট উঁচু জোয়ারের পানি উঠেছে।
জোয়ারের পানিতে মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী নদীর কাছাকাছি কিছু গুদামে পানি ঢুকেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে জোয়ার ও টানা বৃষ্টির পানিতে নগরের খাতুনগঞ্জ, ডিসি রোড, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বেলা সাড়ে তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, নগরের চান্দগাঁওয়ের বুড়ি পুকুর পাড় এলাকা, পাঠাইন্ন্যাগোদা ও মৌলভীপুকুর পাড় এলাকার সড়কে পানি। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আরাকানের সড়কের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে মৌলভীপুকুর পাড় পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
ঝোড়ো হাওয়ার কারণে নগরের বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়ে। এতে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
নগরের আগ্রাবাদ, সিমেন্ট ক্রসিং, টাইগারপাস, সিআরবি এলাকা, সার্সন রোড, বাদশা মিয়া চৌধুরী রোড, বন্দরটিলা এলাকায় সড়কে গাছ পড়ে থাকতে দেখা যায়। তবে ঝড় থামার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এসব গাছ রাস্তা থেকে সরিয়ে দেন।
নগরের বিমানবন্দর সড়কের কিছু অংশ দেবে গেছে।
ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দরের পরিচালনা কার্যক্রম শনিবার সকাল থেকে বন্ধ ছিল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, ক্ষয়ক্ষতি এড়াতে সাড়ে ১০টায় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। রোববার থেকে বিমানবন্দর সচল হবে বলে তিনি আশা করছেন।
নগরের ষোলশহর এলাকায় ঝোড়ো বাতাসে টিনের চাল থেকে উড়ে আসা ইটের আঘাতে রাকিব নামের ১১ বছর বয়সী একটি পথশিশু মারা গেছে।
পুলিশ জানায়, গতকাল বেলা পৌনে একটার দিকে ষোলশহরে কর্ণফুলী গ্যাস লিমিটেডের কার্যালয়ের পেছনে আরও কয়েকজন শিশুর সঙ্গে রাকিব খেলছিল। ঝোড়ো বাতাস শুরু হওয়ার পর তারা পাশের একটি টিনের ঘরের পাশে আশ্রয় নেয়। হঠাৎ টিনের চালের ওপর থেকে একটি ইট উড়ে এসে রাকিবের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।