ঝড়ে নিহত ২, ঘর-ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার রাতে ঝড়ে ফরিদপুরের বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গাছ। এ সময় চলাচলে বিঘ্নœ ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো অপসারণ করেন। ছবিটি গতকাল সকালে শহরের কমলাপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো
গত রোববার রাতে ঝড়ে ফরিদপুরের বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গাছ। এ সময় চলাচলে বিঘ্নœ ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো অপসারণ করেন। ছবিটি গতকাল সকালে শহরের কমলাপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো

নড়াইল, রাজবাড়ী এবং পটুয়াখালীর বাউফল উপজেলায় কালবৈশাখী, বৃষ্টি ও বজ্রপাতে গত রোববার রাতে ও গতকাল সোমবার হাজারখানেক ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নড়াইল ও রাজবাড়ীতে দুজন মারা গেছেন।
এদিকে বৃষ্টিপাতের কারণে বরিশাল নগরীতে জলাবদ্ধতা হয়েছে। নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
নড়াইলে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি শুরু হয়। গত রোববার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। ঘণ্টাব্যাপী ঝড়ের সময় বজ্রপাতে একজন মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামের মিজান মোল্যার ছেলে সজল মোল্যা (২৫) নিহত হন।
গতকাল সোমবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সদর ও কালিয়া উপজেলায় ঝড়ের আঘাতে ৩০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ভেঙে পড়েছে বিপুল গাছপালা। এ ছাড়া বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে। শিলাবৃষ্টিতে বোরো ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত দুই দিনের ঝড় এবং বজ্র ও শিলাবৃষ্টিতে প্রায় ১১ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৭৬০ হেক্টর জমি বোরো ধান।
রাজবাড়ীতে ঝড়ে বালিয়াকান্দি উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূ মারা গেছেন। তাঁর নাম জেসিয়া আক্তার (২২)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের বাসিন্দা আবুল বাসারের স্ত্রী। রোববার দিবাগত রাত নয়টার দিকে বালিয়াকান্দি উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়। ঝড়ে জেসিয়ার ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় ঘরে শুয়ে থাকা জেসিয়া গুরুতর আহত হন। গাছ কেটে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মুষলধারে বৃষ্টি হওয়ায় জেলায় ১ হাজার ৮২৭ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
বরিশালে গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসী। বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন, গতকাল সোমবার শুধু দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত ছিল। গত ২৪ ঘণ্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার কিছুটা স্বাভাবিক হতে পারে।
বরিশাল অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে বরিশাল নৌবন্দরে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে গতকাল দুপুরে প্রায় দুই ঘণ্টা সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিকেলের দিকে নিষেধাজ্ঞা তুলে নিলেও নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
গত রোববার এবং গতকাল সোমবার বেলা একটার দিকে ঘুরে দেখা গেছে, নগরের কালীবাড়ি সড়ক, বিএম স্কুল সড়ক, মল্লিক রোড, বগুড়া রোড, মুন্সী গ্যারেজ, শীতলাখোলা, সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে, অপসোনিন মোড়, শ্রীনাথ চ্যাটার্জী লেন, বাংলাদেশ ব্যাংক মোড় এলাকার সড়ক পানির নিচে। রোববার রাতের বৃষ্টি এবং গতকাল সোমবার দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টিপাতে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে নগরের কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নালা পরিচ্ছন্ন এবং কী কারণে পানি আটকে যাচ্ছে তার প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে চর আন্ডা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে অন্তত ২৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এই ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে খাদিজা বেগম (২৫) ও বনি আমিন (৩০) নামের দুজন আহত হয়েছেন। ঝড়ের স্থায়িত্ব ছিল পাঁচ থেকে ছয় মিনিট।
বাউফলে ঝড়ে উপজেলার ২০টি ঘর, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে দুই শতাধিক গাছ। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। স্থানীয় লোকজন বলেন, রোববার বিকেল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এরপর ঝড় শুরু হয়। গতকাল সোমবার রাত আটটার দিকে ফের বৃষ্টি ও ঝড় শুরু হয়।
করুনা মালী (৫০) বলেন, ঘর হারানো ব্যক্তিরা সবাই খেটে খাওয়া গরিব মানুষ। কেউ সাহায্যের হাত না বাড়ালে মানবেতর জীবনযাপন করতে হবে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন—বরিশাল ও পটুয়াখালী অফিস; নড়াইল, রাজবাড়ী ও বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।]