ঝড়ে পঞ্চগড় ও নীলফামারীতে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঝড়–শিলাবৃষ্টিতে পঞ্চগড় ও নীলফামারীতে গাছপালা এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ঝড় শুরু হয়। আধা ঘণ্টাব্যাপী এই ঝড়ের পর এই দুই জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পঞ্চগড় : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। কোনো কোনো এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়ায় মানুষজনের চলাচল ব্যাহত হচ্ছে। বিদ্যুতের লাইনেরও মারাত্মক ক্ষতি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান, পাট, ভুট্টা, মরিচ, আম, লিচু, কাঁঠাল, তিল ও টমেটোর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কাজ চলছে।
পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আহসানুল কবির বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আজ ভোর থেকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। অসংখ্য বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে পড়ায় তাঁদের হিমশিম খেতে হচ্ছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, ‘ঝড়ে কয়েক শ ঘরবাড়ি এবং স্কুল, কলেজ, মাদ্রাসা বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। এ ছাড়া শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে কয়েক শ হেক্টর জমির পাকা ধান, পাট, মরিচ, তিল, ভুট্টা। ব্যাপক ক্ষতি হয়েছে মৌসুমি ফল আম, লিচু ও কাঁঠালের।’
নীলফামারী : জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ি ও গোমনাতি ইউনিয়নে কালবৈশাখীর আঘাতে সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে উঠতি বোরো ধান ও পাট।
ভোগডাবুরী ইউনিয়নের মুক্তির হাট এলাকার কৃষক আহসান রাব্বি আজাদ বলেন, ‘গতকাল রাতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমার দেড় বিঘা জমির পাট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আট বিঘা জমির পাকা বোরো ধানের চার ভাগের তিন ভাগ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এলাকার অসংখ্য বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।’
গিরিজার ডাঙ্গা গ্রামের মমিনুল ইসলাম বলেন, ‘রাতে ঝড় শুরু হওয়ার পর আমার দুটি ঘর দুমড়ে–মুচড়ে যায়। আমি পরিবার–পরিজন নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিই। এ সময় আমার দুটি ছাগল ঘর চাপা পড়ে মারা যায়।’
কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক বলেন, কেতকীবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। গাছপালার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে ও সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তালিকা করা হচ্ছে।
ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান বলেন, ঝড়ে ওই তিন ইউনিয়নে প্রাথমিকভাবে ১ হাজার ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ডোমার বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন বলেন, ঝড়ে চিলাহাটিতে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এবং সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ায় রাত ১১টা থেকে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। মেরামতকাজ চলছে। দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।