ঝড়-বৃষ্টি অব্যাহত, কাটা ধান পচে যাচ্ছে খেতে
কিষানি কমলা মল্লিক এবার এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। পাকা ধান প্রায় এক সপ্তাহ আগে কেটে খেতেই রোদে শুকাতে দিয়েছিলেন। কিন্তু এরপর শুরু হলো ঝড়-বৃষ্টি। এখন খেতে হাঁটুপানি জমেছে। ভাসছে কাটা ধান।
কমলা মল্লিকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার নেবুগাতী গ্রামে। গতকাল সোমবার বিকেলে জানতে চাইলে তিনি বলেন, ‘ধান ভালো হয়েছিল। কিন্তু ঝড়-বাদল শুরু হওয়ায় কাটা ধান আর বাড়ি আনা সম্ভব হয়নি। ধানগাছ পচে যাচ্ছে। অনেক ধানে অঙ্কুর গজিয়েছে। ধান নিয়ে খুবই বিপদে আছি।’
শুধু কমলা মল্লিক নন, এমন বিপদে আছেন আরও অনেক কৃষক। অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামের অজয় রায় বলেন, ‘এক বিঘা জমিতে এবার ধান করেছি। ধান কাটাও হয়েছে। কিন্তু ধান বাড়িতে আনতে পারছি না। খেতে পানি জমে কাটা ধান নষ্ট হয়ে যাচ্ছে।’
আকাশে মেঘ। সূর্যের দেখা নেই। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝড় বইছে। প্রায় এক সপ্তাহ ধরে এ চিত্র যশোর জেলার।
কয়েকজন কৃষক বলেন, ১৯ এপ্রিল ভোরে ও রাতে দুই দফায় বৃষ্টির সঙ্গে ঝড় হয়। এতে ধানের গাছ মাটিতে নুয়ে পড়ে। অনেক খেতে পানি জমে যাওয়ায় কেটে রাখা ধান পানির ওপর ভাসছে। এরপর গত শনি, রবি ও গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝড়। ঝড়-বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হয়। পানিতে তলিয়ে থাকা কাটা ধানগাছ ধান ঝরে পড়ছে। অনেক ধানের অঙ্কুরোদগম হচ্ছে। পানিতে তলিয়ে থাকায় ধানগাছ নষ্ট হয়ে গেছে। খড়বিচালির আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছেন।
বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের কৃষক আবদুল লতিফ বিশ্বাস বলেন, ‘সাড়ে তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। দুই বিঘা জমির ধান কাটা হয়েছে। প্রতিদিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। ধান কাটা শ্রমিকের দাম প্রায় দ্বিগুণ। ওই দাম দিয়েও লোক পাওয়া যাচ্ছে না। এ কারণে ধান নষ্টা হচ্ছে।’
মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের কৃষক আইয়ুব আলী বিশ্বাস বলেন, ‘আমি এবার ১২ বিঘা জমিতে বোরো করেছি। সব ধান পেকে গেছে। ঝড়-বৃষ্টিতে সব ধানগাছ খেতে নুইয়ে পড়েছে। খেতে পানি জমে আছে। খুবই খারাপ অবস্থা। রোদ উঠলে এবার কোনো ধান বাড়ি আসবে না।’
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ১ লাখ ৫১ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অধিকাংশ খেতের ধান পেকে গেছে। অনেক খেতের ধান পাকতে শুরু করেছে। ধান কাটা শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলায় গড়ে ২৫ শতাংশ খেতের ধান কাটা হয়েছে। এর মধ্যে কেশবপুর উপজেলায় সর্বাধিক ৯০ শতাংশ এবং বাঘারপাড়া উপজেলায় সর্বনিম্ন ১ শতাংশ ধান কাটা হয়েছে। অনেক কৃষক ধান কেটে খেতেই শুকাতে দিয়েছেন। অনেকে ধান বাড়িতে এনে মাড়াই করছেন।
যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার দুই দফায় জেলায় ২৪ মিলিমিটার এবং গত শনিবার দুই দফায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।