টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে থুমনিয়া শালবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া সংরক্ষিত শালবন। এলাকাবাসীর আশঙ্কা, অবিলম্বে ভাঙনরোধের ব্যবস্থা করা না হলে শালবনের চিত্রই পাল্টে যাবে।
চলতি বছরের বর্ষায় ভবানীপুরে এ নদ বরাবর প্রায় অর্ধকিলোমিটারজুড়ে বনের ১৫ থেকে ২০ ফুট বিলীন হয়েছে। এ নিয়ে গত ১৫ বছরে শালবনের উত্তর-পশ্চিমে ভবানীপুর অংশের প্রায় ৮০০ ফুট এলাকা নদের গর্ভে চলে গেছে।
দিনাজপুর বন বিভাগ সূত্র জানায়, পীরগঞ্জের ভবানীপুর ও থুমনিয়া এবং দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার ফুটকীবাড়ি ও কংশরা মৌজার ৫০৭ একর জায়গাজুড়ে থুমনিয়া সংরক্ষিত শালবন। ওই শালবনের পাশেই দিনাজপুর বন বিভাগের পীরগঞ্জ বিট কার্যালয়।
পীরগঞ্জ বন বিট কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘আমি ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। টাঙ্গন নদের গতিপথ আগের অবস্থায় আনতে কমপক্ষে ২০০ ফুট আরসিসি ব্লক দিয়ে নদী শাসন বাঁধ নির্মাণ করার বিকল্প নেই।’
দিনাজপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আলী কবীর বলেন, ‘নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্প গ্রহণ করে থাকে। আমি দিনাজপুর জেলা উন্নয়ন সমন্বয় সভায় থুমনিয়া শালবন রক্ষার বিষয়টি তুলে ধরব। এ ছাড়া বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।’
সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকরামুল হক বলেন, ‘১৬-১৭ বছর আগে টাঙ্গন নদ বাগানের অনেক দূরে ছিল। এখন বাগানের ভেতরে চলে এসেছে। অবিলম্বে ভাঙন বন্ধ করা না হলে একদিন শালবাগানটির মানচিত্রই পাল্টে যাবে।’
একই ধরনের কথা বলেন পীরগঞ্জের ভবানীপুর গ্রামের সাইফুল ইসলাম ও রুহুল আমীন, থুমনিয়ার সোহেল রানা এবং বোঁচাগঞ্জ উপজেলার কংশরা গ্রামের রফিকুল ইসলাম, ফুটকীবাড়ি গ্রামের লক্ষ্মণ কুমার রায়সহ অন্তত ১৫ ব্যক্তি। তাঁরা জানান, আগে এক শ্রেণির অসাধু লোক মূল্যবান গাছ কেটে শালবাগানের আশপাশে কয়েকটি করাত কলে সেগুলো চেরাই করে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় পাচার করত। বন বিভাগের মামলা ও প্রশাসনের সক্রিয়তার কারণে গাছ নিধনকারীদের তৎপরতা অনেকটা কমেছে। কিন্তু সেই সময় থেকেই চলছে টাঙ্গন নদের ভাঙন। টাঙ্গন নদের ভাঙনে এখন মূল শালবন বিলীন হচ্ছে।