টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে বাজারদেহা গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পীরগঞ্জের বাজারদেহা গ্রাম টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পীরগঞ্জের বাজারদেহা গ্রাম টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের বাজারদেহা গ্রাম টাঙ্গন নদের গর্ভে বিলীন হচ্ছে। ১৩-১৪ বছর ধরে গ্রামটির ১৩০-১৫০ ফুট জায়গা টাঙ্গন নদের গর্ভে চলে গেছে।
ওই গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর বর্ষায় অন্তত ১২-১৩ ফুট জায়গা টাঙ্গন নদের গর্ভে চলে যাচ্ছে। গ্রামের মানুষ তাঁদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। কিন্তু যাঁদের বিকল্প জমি নেই, তাঁরা মহা বিপদে পড়েছেন।
১৭ ও ১৮ জুন বাজারদেহা গ্রামবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, বাজারদেহা গ্রামের সিতুডাঙ্গীর মাঠের কাছে রাজিউর রহমানের বাড়ির কাছ থেকে দক্ষিণ দিকে ধুমের মাঠ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকার প্রায় ১৩০-১৫০ ফুট মাটি লম্বালম্বিভাবে টাঙ্গন নদের গর্ভে চলে গেছে। ওই গ্রামের আবদুল মালেক, আবদুল খালেক, আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আরিফসহ ২০-২২ জন ইতিমধ্যে তাঁদের বাড়িঘর ভেঙে গ্রামের পশ্চিম দিকে সরিয়ে নিয়েছেন।
ওই গ্রামের সাদেকুল ইসলাম বলেন, ‘আমাদের বাড়িটা নদে চলে যাবে জানি। কিন্তু আমাদের কোনো জমি না থাকায় বাড়ির ভিটা আঁকড়ে ধরে আছি।’
ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মকবুল হোসেনসহ আরও পাঁচ-ছয়জন বলেন, ১৯৮৭ সালের বন্যার আগে থেকে গ্রামের পূর্ব দিকে ভাঙছে। বাঁশঝাড়, গাছসহ অনেক ঘরবাড়ি নদের গর্ভে বিলীন হয়েছে। নদ ভাঙতে ভাঙতে বাজারদেহা গ্রামের কুদ্দুস সরকার, মোসলেম উদ্দীন, বাদশা আলম, সাদেকুল ইসলাম, ইমদাদুল হক, আশরাফুল আলম, রফিকুল ইসলাম, লুৎফর রহমানের বাড়ির কাছে চলে এসেছে। তাঁরা ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। আসন্ন বর্ষায় বাড়ি নদের গর্ভে চলে যাওয়ার আতঙ্কে রয়েছেন আজিজুর রহমান, জয়নাল আবেদীন, একিনউদ্দীন, আইজুল হক, আশরাফ আলী, আফাজ উদ্দীন, মো. বাবুলসহ আরও অনেকে। তবে ১৩-১৪ বছর ধরে গ্রামটির ১৩০-১৫০ ফুট জায়গা নদের গর্ভে চলে গেছে।
কোষারানীগঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তাফা বলেন, ‘ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া না গেলে একদিন গ্রামটির মানচিত্রই পাল্টে যাবে।’ Õ