টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
টানা আট দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। দিনভর মেঘলা আকাশ ও ঘন কুয়াশার কারণে সূর্যের উত্তাপ ছড়াতে না পারায় জেঁকে বসেছে শীত। রাতভর বৃষ্টির মতো ঝরা কুয়াশায় ভিজে যাচ্ছে পিচঢালা পথ। সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। তীব্র শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
গতকাল সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিললেও আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশার কারণে সড়কে দিনেরবেলাও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীতের তীব্রতা বাড়ায় প্রয়োজন ছাড়া সকাল সকাল মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন।
পঞ্চগড় শহরের রিকশাচালক ময়নুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন সকালে রিকশা নিয়ে বের হন। আজ কুয়াশার সঙ্গে বাতাস থাকায় বেশি ঠান্ডা লাগছে। হাত–পা জড়ো হয়ে আসছে। বেশি ঠান্ডার কারণে সকাল সকাল যাত্রীও কম পাচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ কিছুটা কমলেও কুয়াশার সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাস বইছে। কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সূর্যের তাপ সহজে ভূপৃষ্ঠে আসতে পারছে না। এতে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন এই এলাকায় এমন আবহাওয়া থাকতে পারে বলে তিনি জানান।