টানা বর্ষণ, ঢলে বাঁধ ভেঙে প্লাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নালিতাবাড়ীর মরিচপুরান  গ্রামের ক্ষতিগ্রস্ত জমির ফসল দেখাচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
নালিতাবাড়ীর মরিচপুরান গ্রামের ক্ষতিগ্রস্ত জমির ফসল দেখাচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। জামালপুর শহর রক্ষা বাঁধের প্রায় ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর পানি বেড়ে পৌরসভাসহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে।
ঢলে গত রোববার রাতে ভোগাই নদীর বাঁধের প্রায় ১৫০ মিটার বিলীন হওয়ায় শেরপুরের নালিতাবাড়ী পৌর সদরের তিনটি ওয়ার্ডসহ পাঁচটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকার বসতবাড়ি, ফসলি জমি ও পুকুর পানিতে ভেসে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সরিষাবাড়ী (জামালপুর): জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ও টানা বর্ষণে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে শহর রক্ষা বাঁধের প্রায় ৭০ মিটার ধসে গেছে। হুমকির মুখে আছে আরও প্রায় ২৪০ মিটার। অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলে ভাঙনের হাত থেকে বাঁধটি রক্ষার চেষ্টা চালানো হচ্ছে। বাঁধ ধসে যাওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর পৌরসভা, জামালপুর জিলা স্কুলসহ সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা হুমকির মুখে রয়েছে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান গতকাল দুপুরে শহর রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
মাদারগঞ্জ (জামালপুর): মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ জানান, যমুনার ঢলে মাদারগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডসহ চারটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩২০ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পানিতে তলিয়ে যাওয়া ৬০ হেক্টর মরিচ, ৩৫ হেক্টর মাষকালাই ও ৭০ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে।
নালিতাবাড়ী (শেরপুর): উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সূত্র জানায়, টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত রোববার রাতে ভোগাই নদীর বাঁধের নালিতাবাড়ী সদর ইউনিয়নের খালভাঙ্গা গ্রামের অংশে প্রায় ১০০ মিটার এবং বাঘবেড়ি ইউনিয়নের শিমুলতলা গ্রামের অংশে প্রায় ৫০ মিটার ভেঙে যায়। ভাঙনে পৌরসভার তিনটি ওয়ার্ডসহ সদর, বাঘবেড়ি, কলসপাড়, যোগানিয়া, মরিচপুরান ইউনিয়নের প্রায় সাড়ে চার হাজার হেক্টর আমন ফসল পানিতে ডুবে গেছে। তবে মঙ্গলবার রাত থেকে পানি কমতে শুরু করেছে।
মরিচপুরান গ্রামে তিন দিন ধরে বন্দী হয়ে থাকা অরফুলি বেগম (৩৮) এই প্রতিবেদকের কাছে বলেন, ‘তিন দিন ধইরা স্বামী-সন্তান লইয়া পানির মধ্যে খাড়াইয়া রইলাম, কষ্টের মধ্যে খাইয়া না খাইয়া থাকলাম। আমরা কি বাইচ্চা আছি না মইরা গেছি, এলাকার চেয়ারম্যান-মেম্বর কেউ খুঁজ নিল না।’
মরিচপুরান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব আলী বলেন, ‘পাহাড়ি ঢলে আমার ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার তিন শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের পাশে দাঁড়াতে সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল বলেন, ‘নদীতে পানি কমতে শুরু করেছে। খুব দ্রুত ফসলি জমি থেকে পানি নেমে যাবে। আশা করছি ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।’
ইউএনও মো. আবু সাঈদ মোল্লা জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।