টানা বর্ষণ সীমাহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদের বাঁধ ভেঙে পৌর শহরের নয়াবিল সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ।প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদের বাঁধ ভেঙে পৌর শহরের নয়াবিল সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ।প্রথম আলো

বাসা, দোকান, হাসপাতাল, সরকারি-বেসরকারি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। সড়কগুলো পানিতে তলিয়ে আছে। জলাবদ্ধ সড়কের মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহন বিকল হয়ে যাচ্ছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে কুমিল্লা নগরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

শুধু কুমিল্লা নয়, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ী এবং শেরপুরের নালিতাবাড়ীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক স্থানে বাঁধ ভেঙে শত শত গ্রাম, রাস্তাসহ বিস্তীর্ণ এলাকার ফসল প্লাবিত হয়েছে।

কুমিল্লার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল বলেন, গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আরও কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল বেলা দুইটায় নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগে যেখানে পানি উঠত না, এখন ওই সব সড়কেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের ঝাউতলা শহীদ শামসুল হক সড়ক, পুলিশ লাইনস, বাদুরতলা, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক, ঝাউতলা, দক্ষিণ চর্থা, ঢুলিপাড়া, থিরাপুকুরপাড়, রানীরবাজার, বাগিচাগাঁও স্টেশন সড়ক, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল, ডিজিএফআইয়ের পশ্চিম বাগিচাগাঁও অফিস, জেলা পরিষদের ডাক বাংলো সড়ক, রেসকোর্স ধানমন্ডি সড়ক, ডিসি সড়ক, কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও পুলিশ সুপার কমপ্লেক্স মার্কেটের সামনে পানি থইথই করছে। এই পানি নামার কোনো ব্যবস্থা নেই।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্লাবিত ইউছুফনগর গ্রাম l প্রথম আলো
মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্লাবিত ইউছুফনগর গ্রাম l প্রথম আলো

স্টেডিয়াম এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, গত দুই দিনের বৃষ্টির পানির কারণে আসবাব ও ইলেকট্রনিকস পণ্যের দোকানে পানি ঢুকে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে চিকিত্সা নিতে আসেন বরুড়ার ভাউকসার গ্রামের ফরহাদ মিয়া। তিনি বলেন, হাসপাতালের ভেতরে পানির জন্য প্রবেশ করা যাচ্ছে না। পচা পানির মধ্যে হাসপাতালের বর্জ্য ভাসছে।

গাইবান্ধার রিকশাচালক লাল মিয়া বলেন, রাস্তার মধ্যে পানি জমে থাকায় গর্ত আছে কি না, বোঝা যায় না। এতে করে রিকশা চালাতে অসুবিধা হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, অতি বৃষ্টিপাতের কারণে পানি নামতে পারছে না। তার ওপর পানি নামার সব পথ রুদ্ধ হয়ে আছে।

জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, পানি সরার পথ না রেখে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে কুমিল্লা নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা হাওড়া নদীর বাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক হাজার পরিবারের ঘরবাড়িসহ অনেক ফসলি জমি তলিয়ে গেছে। অনেকে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। পানিবন্দী মানুষের জন্য উপজেলায় দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা প্রথম আলোকে বলেন, আখাউড়া উপজেলার ৬৩০ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের বাঁধের ১০টি স্থানের প্রায় ২ হাজার ৯১০ ফুট ভেঙে পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৫ হাজার ৬০০ পরিবারের বাড়ি প্লাবিত হয়েছে। ঢলের পানিতে সাড়ে ৩ হাজার হেক্টর আমনের খেত পানিতে ডুবে গেছে। নয়াবিল ও কালাকুমা সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সড়কগুলোর অনেক অংশ ভেঙে গেছে। এ ছাড়া তিন শতাধিক পুকুরের মাছ ঢলের পানিতে ভেসে গেছে।

শিমুলতলা গ্রামের গৃহিণী সুফিয়া খাতুন বলেন, ‘বাড়িঘরে পানি। রান্নবান্নার কোনো উপায় নাই। ভোগাই নদের বাঁধ স্থায়ীভাবে সংস্কার করলে এলাকাবাসীর বিরাট উপকার অইত।’

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভোগাই নদের বাঁধ ভেঙে পৌরসভাসহ ৬টি ইউনিয়নের সাড়ে ৩ হাজার হেক্টর আমনের খেত তলিয়ে গেছে। দু-এক দিনের মধ্যে পানি নেমে গেলে ফসলের ক্ষতি হবে না।

কমলগঞ্জে ধলাই নদের পানি বেড়ে নিমজ্জিত মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। ছবিগুলো গতকাল তোলা l প্রথম আলো
কমলগঞ্জে ধলাই নদের পানি বেড়ে নিমজ্জিত মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। ছবিগুলো গতকাল তোলা l প্রথম আলো

গত শুক্রবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের পুরোনো ২টি ভাঙনকবলিত এলাকা দিয়ে পানি ঢুকে ৪টি ইউনিয়নের ৩০০ হেক্টর জমির রোপা আমন নিমজ্জিত হয়েছে। বৃষ্টি না থামলে ধলাই নদসহ সবগুলো পাহাড়ি ছড়ার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষ্ণ কুমার সিংহ বলেন, এক দিনের মধ্যে জমি থেকে পানি না নামলে ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

জুড়ী উপজেলার নিম্নাঞ্চলে আবারও পানি বেড়ে গেছে। কুলাউড়া উপজেলায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের দুটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় এলাকাবাসী গতকাল শনিবার স্বেচ্ছাশ্রমে একটি স্থানে মাটির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালান।

সরেজমিনে গতকাল কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, পানিবন্দী হয়ে পড়ায় বিভিন্ন এলাকায় লোকজন নৌকায় চলাচল করছেন। বিদ্যালয় ছুটির পর খুদে শিক্ষার্থীরা নৌকায় করে বাড়ি ফিরছে।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু চৌধুরী বিকেলে মুঠোফোনে বলেন, ‘পানি বাড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি আছে।’

এলাকাবাসী জানায়, গত ৫ জুন কুলাউড়ার মিয়ারপাড়া এলাকায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের প্রায় ৬০০ ফুট জায়গা ভেঙে আশপাশের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল, যা পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় উদ্যোগে ভাঙনকবলিত স্থানে কিছু মাটি ফেলে বাঁধটি সংস্কার করা হয়। টানা বর্ষণ ও ঢলে গত শুক্রবার বিকেলে নদে বাঁধের ওই স্থান দিয়ে পানি ঢুকতে শুরু করে। ভাঙন ঠেকাতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার শতাধিক লোক স্বেচ্ছাশ্রমে বাঁধের পাশে কমপক্ষে ৫ হাজার বালুর বস্তা ফেলেন।

পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, গতকাল দুপুরে মনু নদের কুলাউড়ার মনু রেলসেতু ও মৌলভীবাজার সদরের চাঁদনিঘাট এলাকায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

 [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি]