টানা বর্ষণে সড়ক ভেঙে ও তলিয়ে যোগাযোগ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালা (খাগড়াছড়ি)—লংগদু (রাঙামাটি) সড়কের বড় মেরুং এলাকায় বেইলি সেতু ডুবে গেছে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালা (খাগড়াছড়ি)—লংগদু (রাঙামাটি) সড়কের বড় মেরুং এলাকায় বেইলি সেতু ডুবে গেছে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

গত কয়েক দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ধলিয়া খালের ভাঙনে বিলীন হয়ে গেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পৌর সদরের চরপাড়া এলাকার যাতায়াতের একমাত্র সড়কটি। গত শনিবার এই পাকা সড়কটির ৮০ ফুট অংশ ভেঙে গেছে। এদিকে অতি বর্ষণে দীঘিনালা উপজেলার মেরুং এলাকার সড়ক ও সেতু তলিয়ে যাওয়ায় দীঘিনালা ও রাঙামাটির লংগদু সড়কের সরাসরি যানবাহন চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। প্রথম আলোর খাগড়াছড়ি ও দীঘিনালা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।

মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছে। খালের ভাঙন রোধে আগাম ব্যবস্থা না নেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

গতকাল রোববার সকালে সরেজমিনে মাটিরাঙ্গার চরপাড়া ঘুরে দেখা গেছে, চরপাড়ার পাকা সড়কটি ভেঙে ৮০ ফুট অংশ খালে চলে গেছে। রাস্তার বাকি অংশেও এখানে-সেখানে ভাঙনের চিহ্ন। সড়কটির দৈর্ঘ্য দুই কিলোমিটার। রাস্তা না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ঝুঁকির কারণে গ্রামের লোকজন প্রয়োজন ছাড়া চলাচল করছে না।

স্থানীয় এলাকাবাসী ও সড়ক ভাঙনের প্রত্যক্ষদর্শী সুনী ত্রিপুরা ও মো. আব্দুর রহিম বলেন, গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। গত শনিবার সকালে বৃষ্টির মধ্যে পানির তোড়ে চোখের সামনেই রাস্তাটি ভেঙে খালে বিলীন হয়ে যায়। ওই সড়কের ভাঙা অংশে কোনো চলাচলকারী না থাকায় দুর্ঘটনা ঘটেনি।

টানা ভারী বর্ষণ অব্যাহত থাকলে ধলিয়া খালের পাড়ে বসবাসকারী অনেকের ঘরবাড়ি ও বাগান নদী গর্বে বিলীন হয়ে যেতে পারে বলেন মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলী মিয়া।

মাটিরাঙার পৌর মেয়র মো. শামসুল হক বলেন, খালের ভাঙন প্রতিরোধ ও রাস্তা সংস্কারের জন্য ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি. এম মশিউর রহমান বলেন, ভাঙনের ভয়াবহতা সম্পর্কে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নুরুল আফসার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগামী শুষ্ক মৌসুমে ধলিয়া খালের কিছু অংশে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে।

টানা বর্ষণে খালের ভাঙনে বিলীন হয়েছে মাটিরাঙ্গা পৌর শহরের চরপাড়ার সড়ক। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
টানা বর্ষণে খালের ভাঙনে বিলীন হয়েছে মাটিরাঙ্গা পৌর শহরের চরপাড়ার সড়ক। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

এদিকে টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং এলাকা এখনো পানিতে ডুবে আছে। এতে ছোট মেরুং বাজারের অধিকাংশ দোকানপাট গতকালও বন্ধ ছিল। বড় মেরুং ছড়ার ওপর দুটি বেইলি সেতু ও সড়ক তলিয়ে যাওয়ায় গত শুক্রবার রাত থেকে দীঘিনালা ও রাঙামাটির লংগদু সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গতকাল সকালে মেরুং এলাকায় গিয়ে দেখা যায়, দীঘিনালা-লংগদু সড়কের বড় মেরুং ও ছোট মেরুং এলাকার দুটি বেইলি সেতু ও সড়ক পানিতে তলিয়ে আছে। সেতুর দুপাশে যানবাহন আটকা পড়েছে। ডুবে থাকা অংশের ওপর দিয়ে লোকজন নৌকায় চলাচল করছে। ছোট মেরুং বাজারের ভেতরেও লোকজনকে নৌকায় চলাচল করতে দেখা গেছে।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত লাইন নিয়ন্ত্রক মো. নাছির বলেন, ঝুঁকির কারণে শুক্রবার থেকে লংগদুর সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান কবীর জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মেরুং ইউনিয়নের সাড়ে তিন শ পরিবারের বসতবাড়ি ডুবে গেছে। পাহাড়ধসে ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পাহাড়ি ঢলে মেরুং এলাকার তিন হেক্টর আমন খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘরবাড়ি ডুবে যাওয়ায় ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২টি পরিবার আশ্রয় নিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন জানান, মেরুং এলাকার ক্ষতিগ্রস্ত এক শ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার জন্য জনপ্রতিনিধিদের বলা হয়ছে। তালিকা পেলে ত্রাণ সহায়তা বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।