
অবশেষ এলাকাবাসীর আশঙ্কাই সত্য হতে চলেছে। যশোরের ভবদহ অঞ্চল ফের জলাবদ্ধ হয়ে পড়ছে। মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীতে পলি জমে যাওয়ায় বৃষ্টির পানি বের হতে না পেরে এলাকার বিলগুলো পানিতে ভরে উঠেছে। বিল উপচে পানি ঢুকে পড়ছে গ্রামে। ইতিমধ্যে অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৮৫টি গ্রামের প্রায় ৭ হাজার বাড়ি প্লাবিত হয়েছে।
অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। জলাবদ্ধতা নিরসনে বর্তমানে এলাকার কোনো বিলে জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যকর নেই। তাই টেকা, শ্রী ও হরি নদীতে ব্যাপক হারে জমছে জোয়ারের সঙ্গে আসা পলি। গত বছরের আগস্টে দুই দফা ভারী বর্ষণে ভবদহের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। পানিতে তলিয়ে যায় ৪৮৭ বর্গকিলোমিটার এলাকা, ২৪৬টি গ্রাম, ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৪ হাজার ৩২৯টি মাছের ঘের ও পুকুর। সমস্যা নিরসনে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নদীগুলোতে চ্যানেল কাটার কাজ চলছিল। সেটাও প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে।
যশোর আবহাওয়া অফিস গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির পানিতে অভয়নগরের বেদভিটা, বলারাবাদ, ডুমুরতলা, আন্ধা, কোটা, বারান্দী, দিঘলিয়া, সুন্দলী, গোবিন্দপুর, রাজাপুর, ডহর মশিয়াহাটী, ভাটবিলা, সড়াডাঙ্গা, রামসরা, ফুলেরগাতী, হরিশপুর এবং মনিরামপুর উপজেলার হাটগাছা, সুজাতপুর, মহিষদিয়া, কুলটিয়া, আলীপুর, কুচলিয়া, লেবুগাতী, পাঁচবাড়িয়া, পাঁচকাটিয়া, দিগঙ্গা, হরিদাসকাটি, লখাইডাঙ্গাসহ অন্তত ৮৫টি গ্রামে পানি ঢুকেছে। এতে প্রায় ৭ হাজার বাড়ি প্লাবিত হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু সড়কে আশ্রয় নিয়েছে।
অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের তারাপদ মণ্ডল গত মঙ্গলবার নওয়াপাড়া-কালীবাড়ি সড়কের ওপর ছাপড়া তৈরি করছিলেন। তিনি বলেন, ‘পরিবারের সদস্য ১০ জন। সাতটি গরু ও ছয়টি হাঁস আছে। ঘরের মধ্যে জল উঠে গেছে। ঘরবাড়ি ছেড়ে আজই (কাল) সড়কের ওপর আশ্রয় নিতে হবে।’ কোটা গ্রামের মীরন আহমেদ তরফদার বলেন, গত বছর জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছিল। এরপরও বিল কপালিয়ায় জোয়ারাধার চালু করা হয়নি। মনিরামপুরের হাটগাছা গ্রামের আশুতোষ বৈরাগী বলেন, ‘যেভাবে জল বাড়ছে, তাতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেবে।’
পাউবোর যশোর কার্যালয় সূত্র জানায়, ভবদহ স্লুইসগেটের উজান ও ভাটিতে হরি নদীতে আট কিলোমিটার দৈর্ঘ্যের পাইলট চ্যানেল খনন করা হচ্ছে। ১ কোটি টাকা ব্যয়ে দুটি প্যাকেজে অভয়নগরের চোমরডাঙ্গা এলাকা থেকে কেশবপুর উপজেলার ডায়ের খাল এলাকা পর্যন্ত নদীর এই খননকাজ করা হচ্ছে। কাজটি করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সনি করপোরেশন। গত ২২ এপ্রিল এস্কাভেটর দিয়ে খননকাজ শুরু হয়। শেষ হওয়ার কথা আগামী ৩০ আগস্ট। নদী খনন ছাড়াও নদীর কচুরিপানা পরিষ্কার এবং স্লুইসগেটের পলি অপসারণ করার কথা।
অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামের কৃষক ভবেশ হালদার বলেন, নদী গভীর করে কাটা হয়নি। নদীর মধ্যের উঁচু জায়গা চেঁছে মাটি প্রায় নদীর মধ্যেই ফেলা হয়েছে। ওই মাটি নদীর মধ্যে পড়েছে। সেই কাজও প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। একটা মেশিন ভবদহ কলেজের পাশে লেবুবাগানে, অপরটি ভবদহ স্লুইসগেটের পাশে পড়ে রয়েছে।
এস্কাভেটরের চালক লিয়াকত হোসেন বলেন, ‘এস্কাভেটরটি পাউবোর। ২২ এপ্রিল থেকে নদীর চ্যানেল কাটার কাজ শুরু করেছি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মোট ১১ দিন কাজ বন্ধ রয়েছে। সিঙ্গাপুর থেকে পার্টস এনে মেশিন মেরামত করা হয়েছে। দ্রুত কাজ শুরু করব।’
অপর এস্কাভেটরটির চালক রুবেল হোসেন বলেন, এস্কাভেটরটিতে সমস্যা দেখা দেওয়ায় ১১ দিন খননকাজ বন্ধ রয়েছে। ঠিক হতে আরও দুই দিন লাগবে।
সনি করপোরেশনের স্বত্বাধিকারী হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমার ঠিকাদারি দেখাশোনা করেন ছোট ভাই শরিফুল ইসলাম। আপনি তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন।’ শরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন।
পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, নদীর পাইলট চ্যানেল কাটার দুটি প্যাকেজে দুটি করে চারটি এস্কাভেটর লাগানোর কথা। একটি এস্কাভেটর মাটি কেটে পাড়ে তুলবে, অন্যটি সেই মাটি সরিয়ে দেবে। প্রথম প্যাকেজের সাড়ে তিন কিলোমিটার নদী খননের প্রাথমিক কাজ করেছেন ঠিকাদার। এখনো কাজ বাকি আছে। দ্বিতীয় প্যাকেজের কাজ অল্প হয়েছে। একটি এস্কাভেটর এক মাস ধরে, অপরটি ঈদের সময় থেকে নষ্ট হয়ে পড়ে আছে। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তাঁরা এস্কাভেটর মেরামত করে কাজ শুরু করছেন না।