টানা দুই দিনের বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক। পানি উঠেছে পাড়া-মহল্লার অনেক সড়কেও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।
নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্লাহ জানান, গত রোববার সকাল ছয়টা থেকে গতকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত নোয়াখালী শহরে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল সকাল পৌনে ১০টায় শহরের সার্কিট হাউস সড়কে ছিল প্রায় হাঁটুপানি। সড়কের পাশের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), বিটিসিএল ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রবেশমুখেও পানি জমে যায়। শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়েই নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা যাতায়াত করে। জলাবদ্ধতার কারণে ওই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়।
সরকারি মহিলা কলেজের ছাত্রী ইশরাত জাহান বলে, সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রিকশাচালকেরা সুযোগ বুঝে বেশি ভাড়া নিচ্ছেন।
মহিলা কলেজের সামনের সড়ক, কাজী কলোনি, হরিনারায়ণপুর সড়ক ও দত্তেরহাট এলাকার বিভিন্ন সড়কও গতকাল বৃষ্টির পানিতে তলিয়ে যায়।
হরিনারাণপুর এলাকার বাসিন্দা জেসমিন আক্তার বলেন, প্রতি বর্ষায় তাঁদের এলাকার সড়কটি (কাজী নগর-হরিনারায়ণপুর) পানিতে ডুবে যায়।
জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাবী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, শহরের পানিনিষ্কাশনের মূল নালাটি পৌরসভার একটি বিপনিবিতাণ নির্মাণের সময় ভরাট হয়ে যায়। এ কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে শহরে যাতে জলাবদ্ধতা না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।