টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সাভারের ব্যাংক কলোনি এলাকা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সাভারের ব্যাংক কলোনি এলাকা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকার সাভার পৌর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক দোকানপাট ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক এলাকায় পানি নামছে না।

গতকাল মঙ্গলবার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি, মাদ্রাসা রোড, তালবাগ, পালপাড়া, রেডিও কলোনি-নামাবাজার সড়ক, ইমান্দিপুর ও নামা গেন্ডা মহল্লার কোথাও সড়কে, আবার কোথাও বাড়িঘর বা শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়। শিক্ষার্থীসহ স্থানীয় মানুষ ও যানবাহনকে পানি উপেক্ষা করে চলাচল করতে হচ্ছে।

ব্যাংক কলোনির ব্যবসায়ী প্রবীর ঘোষ, সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে বলেন, সামান্য বৃষ্টিতেই ব্যাংক কলোনিসহ আশপাশের এলাকায় পানি জমে যায়। বৃষ্টি থেমে গেলেও ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকে। আর কয়েক দিন টানা বৃষ্টি হলে বন্যার মতো অবস্থার সৃষ্টি হয়। দোকানপাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। তাঁরা বলেন, তাঁদের এলাকায় নর্দমা থাকলেও খুব সরু। আবার কোথাও সড়কের পাশে নর্দমাই নেই। এ কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। আর একবার পানি জমে গেলে সহজে বের হয় না।

পালপাড়ার নকুল চন্দ্র পাল বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকার রাস্তা মেরামত না করায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার পাশে যে নর্দমা আছে, তা কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে। আবার কোথাও বেশ সরু হয়ে গেছে। এ কারণে তাঁদের এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পাশের এলাকার সোহেল আল মামুন বলেন, কয়েক দিন ধরে জমে থাকা পানিতে আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দূষিত পানি মাড়িয়ে অনেকেই চর্মরোগে আক্রান্ত হয়েছেন।

সাভার বাজারের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, সাভার বাজারে সরাসরি পণ্য আনা-নেওয়ার জন্য তাঁরা সাধারণত রেডিও কলোনি-নামাবাজার সড়ক ব্যবহার করে থাকেন। কয়েক দিন ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। এতে তাঁদের পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় ট্রাক বিকল হয়ে পড়ে। এতে পণ্য পরিবহনে বাড়তি খরচ হচ্ছে।

নামা গেন্ডা এলাকার আবুল হোসেন বলেন, তাঁদের এলাকাসহ আশপাশের এলাকায় কয়েক দিন ধরে পানি জমে আছে। এই পানি বের হচ্ছে না। পানি বের হতে না পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, অতিবর্ষণ আর দুর্বল ড্রেনেজব্যবস্থার কারণে কোনো কোনো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্যা থেকে নাগরিকদের মুক্তি দিতে ড্রেন নির্মাণের বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে কয়েকটি এলাকায় বড় ড্রেন নির্মাণ করা হয়েছে। অন্যান্য এলাকায় ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতার সমস্যা দূর হবে।