টিলা কেটে বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিলা কাটা রাস্তা ধরে এগোলে দেখা যায়, কাটা টিলায় একের পর এক বসতঘর। কোনোটি টিলার ঢালে, আবার কোনোটি টিলার চূড়ায়। পাশাপাশি অন্তত ২৫টি ঘর টিলাধসের ঝুঁকিতে রয়েছে। টিলা কাটা অংশে ভূমিধস হলে ওই ঘরগুলোর জন্য সমতলের আরও অন্তত দুই শতাধিক ঘর চাপা পড়ার আশঙ্কা রয়েছে।

এ চিত্র সিলেট শহরতলির জাহাঙ্গীরনগরে। ঝুঁকির মধ্যেও বসবাসকারী মানুষ নির্বিকার। তাঁদের ভাষ্য, ‘নিজের কেনা জায়গায় ঝুঁকি নিয়ে নিজেরাই তো আছি, তাতে অন্যদের কী!’

সিলেটের আলীবাহার চা-বাগান ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী এলাকা জাহাঙ্গীরনগর। যাতায়াতের দুটি পথ, একটি সিলেট নগরের পাঠানটুলা হয়ে তারাপুর চা-বাগানের গোয়াবাড়ির সড়ক দিয়ে, অন্যটি সিলেট বিমানবন্দর এলাকার বাইপাস সড়ক দিয়ে। তারাপুর দিয়ে যে রাস্তা গেছে, ওই রাস্তার একাংশে টিলা কেটে সুড়ঙ্গের মতো রাস্তা তৈরি করাহয়েছে। ১৬ আগস্ট সরেজমিনে তারাপুর চা-বাগান হয়ে টিলা কেটে বানানো রাস্তা পেরিয়ে দেখা যায় ঝুঁকিপূর্ণ বসবাসের চিত্র।

প্রবেশমুখে বাঁ দিকে টিলার চূড়ায় একটি ঘর। সেটির বরান্দা থেকে আঙিনা পুরোটাই ধসে পড়েছে। শুধু ঘরটি টিকে আছে। ওই ঘরে বসবাস করে দুটো পরিবারের সাতজন সদস্য। এর মধ্যে শিশুও আছে। টিলা ধসের মাটি দিয়ে যাতায়াত করতে বালুর বস্তা ফেলা। এসব বস্তা দিয়ে প্রায় আধঘণ্টার কসরত করে টিলার চূড়ায় ওই ঘরে ঢুকে পাওয়া গেল একজন বাসিন্দাকে।

স্বপন মিয়া নামের ওই ব্যক্তি জানালেন, তিনি ৬ শতক জায়গা কিনে অস্থায়ীভাবে এ ঘর বানিয়েছেন। টিলা ধসে পড়ার অপেক্ষা করছেন। ধসে পড়লে সমতল অংশে পাকা ঘর বানাবেন। এমন ঝুঁকি নিয়ে শিশুসহ পরিবার নিয়ে থাকেন কী করে? এমন প্রশ্নে স্বপন মিয়া বলেন, ‘ই-খানত হখলই জায়গা লইয়া পয়লা এই রকম থাকইন। টিলা ধসলে পড়ে পাকাঘর বানাইন। আমরা তো একলা না, উপরে উইঠা দেখইন, শ শ ঘর আছে আমরার মতোন।’

টিলার চূড়ায় উঠে চারদিকে আরও অন্তত অর্ধশতাধিক ঘর এ রকম ঝুঁকির মুখে দেখা গেল।

স্বপনের ঘরের পেছনে কাটা টিলার একাংশে টিনের সাতটি ঘর পাওয়া গেল। সব কটির টিনের চাল টিলার ঢালে হেলান দেওয়ার মতো অবস্থায়। এসব ঘরে পানি সরবরাহের জন্য একটি পানির ট্যাঙ্ক বালুর বস্তার মধ্যে স্থাপন করা। ঘরের বাসিন্দা এক নারী জানালেন, গত সোমবার রাতের বৃষ্টিতে টিলার একাংশ ধসে পড়ায় পানির ট্যাঙ্ক তাঁদের ঘরের মধ্যে পড়ে। এরপর সেটি বালুর বস্তার ওপর সাঁটানো হয়।

এই সাতটি ঘরের নিচে টিলার সমতল অংশে আছে আরও প্রায় ২০-২৫টি ঘরবাড়ি। সেগুলো আধা পাকা। এসব ঘরের বাসিন্দারাও স্বীকার করেন, টিলা ধস হলে ওই সব ঘর ভেঙে তাঁদের বসতঘরের ওপর পড়বে। এমন আশঙ্কা সত্ত্বেও টিলা কাটা ও বসতঘর নির্মাণ অব্যাহত রাখা প্রসঙ্গে সমতলের বাসিন্দা অন্তত নয়জনের সঙ্গে কথা হয়। তাঁদের সবারই অভিন্ন ভাষ্য, যে হারে টিলা কাটা হচ্ছে, তাতে টিলা ধস হলে সবার আগে ওই সব ঘরের বসবাসকারী মানুষের প্রাণহানির আশঙ্কা বেশি।

টিলা ও আশপাশের বাসিন্দাদের অনেকেই টিলা কাটা যে আইনত নিষিদ্ধ, এ বিষয়ে অবহিত নন বলে জানান। তবে টিলা কাটায় ঝুঁকিপূর্ণ অবস্থা হওয়ায় মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। কিন্তু নিজের জায়গা, ঘর ফেলে কেন সরবে, এমন প্রশ্ন তুলে যান না কেউ।

প্রায় ২০ বছর ধরে জাহাঙ্গীরনগরে বসবাস করছেন নূর উদ্দিন। তিনি জানান, টিলা শ্রেণির ভূমি এক দশক আগেও সংরক্ষিত ছিল। কয়েক বছর ধরে বসবাস শুরু হয়েছে। এর কারণ হিসেবে তিনি জানান, জায়গা সমতলের চেয়ে প্রায় অর্ধেক কম দামে পাওয়া যায়। শতকপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকায় বিকোচ্ছে। একই জায়গা সমতল অংশে শতকপ্রতি দর ৩০ থেকে ৪০ হাজার টাকা।

সিলেটে মূলত আবাসনের চাহিদার কৌশলে টিলা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে মনে করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুশতাক আহমদ। জাহাঙ্গীরনগরে এ রকম কৌশলে টিলা ধ্বংস হচ্ছে জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘এভাবে ঝুঁকি নিয়ে বসবাসে টিলাধস দেখা দেয়। ধসের কারণে পরে টিলা কাটা হয়। এটা পরিবেশ আইন ফাঁকি দেওয়ার একটি সূক্ষ্ম কৌশল।’

জায়গার ক্রেতা ও বাসিন্দারা জানিয়েছেন, টিলা শ্রেণির প্রায় ৩০০ একর জায়গার মালিক নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা দিলওয়ার খান। তাঁর পক্ষে জায়গা বিক্রি ও তত্ত্বাবধান করেন জাহাঙ্গীরনগরের বাসিন্দা বাবুল মিয়া। বুধবার বিকেলে বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, জায়গা বিক্রি করা হলেও এখনই রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না। চা-বাগানের সঙ্গে জায়গার মালিকানা নিয়ে একটি মোকদ্দমা চলছে। এটি শেষ হলে রেজিস্ট্রি করে দেওয়া হবে, এ শর্তে বিক্রি চলছে। টিলা কেটে রাস্তা, ঘর বানানো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই কাম তো আর আমরা করছি না। যারা কিনছে, তারা করে। এর কৈফিয়ত জায়গার মালিক বা আমি কেনে দিমু?’

টিলা কাটা আইনত নিষিদ্ধ তা বাবুল মিয়াও জানেন। তাঁর দাবি, যাঁরা ঘরবাড়ি বানাচ্ছেন, তাঁরা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই করছেন। টিলা কেটে রাস্তাও এভাবেই করা হচ্ছে। 

গত বৃহস্পতিবার যোগাযোগ করলে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ছালাহ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রচলিত আইন ছাড়াও সিলেট অঞ্চলে পাহাড়-টিলা কাটতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে কোনো ধরনের টিলা কাটা বা ড্রেসিং করার অনুমতি দেওয়া হয় না। পরিচালক বলেন, সরেজমিনে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।