টেকনাফে হঠাৎ ঝোড়ো হাওয়ায় ঘরবাড়ি লন্ডভন্ড, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফে হঠাৎ ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে বসতঘর। ছবিটি গতকাল দুপুরে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়া থেকে তোলা l প্রথম আলো
টেকনাফে হঠাৎ ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে বসতঘর। ছবিটি গতকাল দুপুরে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়া থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে হঠাৎ ঝোড়ো হাওয়ায় অন্তত দুই শ ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন ১০ জন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা একে টর্নেডো বলে মনে করছেন।

আহত ব্যক্তিরা হচ্ছেন, নুরুল আমিন (৪৫), হামিদ হোসেন (৪০), কালু মিয়া (৪০), মদিনা বেগম (৩৫), জয়নাব খাতুন (২৬), কালাচাঁন বিবি (৪২), মোরশেদ আলম (২২), আলমগীর হোসেন (১৬), সফিনা বেগম (১১) ও বদি আলম (৯)। ঘরবাড়ির চালা, টিন, গাছপালা পড়ে এরা আহত হয়েছেন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ঝোড়ো হাওয়ায় ওই তিনটি ওয়ার্ডের অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, কয়েকটি সেমিপাকা ভবন, দোকানপাট, ও বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়ে গেছে। কোনো কোনো বাড়ির চালা উড়ে গিয়ে দূরের গাছপালা, বিদ্যুতের খুঁটির ওপর পড়েছে। ঘর হারানো লোকজন খোলা আকাশের নিচে অসহায়ভাবে বসে আছে।

 টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ার ক্ষতিগ্রস্ত গৃহবধূ বেগম বাহার বলেন, কোনো কিছু বোঝার আগেই হঠাৎ টর্নেডোটি শুরু হয়। এক মিনিটেরও কম সময়ে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে। পুরো ঘর ভেঙে গেছে। দুই মাস আগে ঘূর্ণিঝড় মোরার আঘাতেও তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

একই এলাকার মুদি দোকানি আলী হোসেন বলেন, তিনি দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বাতাসে তাঁর দোকান লন্ডভন্ড হয়ে যায়। নিজে আঘাত না পেলেও দোকানের অনেক পণ্যসামগ্রী বাতাসে উড়ে গেছে।

 টেকনাফ পল্লি বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, টনের্ডোর আঘাতে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে গেছে। গাছপালা পড়ে অর্ধশতাধিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেগুলো মেরামতের জন্য লোক পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। টনের্ডোতে তিনটি ওয়ার্ডে দুই শ ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ জন আহতও হয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।’

টেকনাফ উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ত্রাণসহায়তা পায় সে ব্যবস্থা করা হচ্ছে।