নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চার দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথের নৌযান মালিক সমিতির সভাপতি মো. আবু তালেব জানান, গত শুক্রবার থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ আছে। তিনি জানান, নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় দুর্ঘটনা এড়াতে এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফ থেকে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন জানান, আবহাওয়া ভালো হলে সব ধরনের নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।
৩ নম্বর সতর্কতা সংকেত: গতকাল সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগরে মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।