টেপিকুই নামের অচেনা প্রাণীটি

টেপিকুই নামের প্রাণীটি দেখা যায় গত বছরের ২৩ অক্টোবর সাঙ্গু-মাতামুহুরী পাহাড়ি পাথুরে ঝিরিপথেছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম অজানা এক ঝিরিপথে হাঁটছি। পাথুরে এই হাঁটুপানির পথটা সত্যিই অন্য রকম। সবে বর্ষাকাল শেষ হয়েছে। চারদিক এখন ঘন সবুজ। উঁচু পাহাড়ি পথ বেয়ে মাঝেমধ্যে ঝরনার পানি বেয়ে আসার শব্দ। পুরো পথ যেতে সময় লাগবে প্রায় চার ঘণ্টা। যাওয়ার প্রবল ইচ্ছা পাতরা পাড়ায়। বাংলাদেশের শেষ পাড়া এটি। এই পাহাড়ে আছে মাত্র সাতটি ঘর। এরপরই মিয়ানমারের সীমানা। চলার পথে প্রকৃতির শব্দ ছাড়া আর কিছু শুনিনি, কোনো মানুষের উপস্থিতিও টের পাইনি। মনে হয়, আমরাই এই পাহাড়ি বনটার নিঃসঙ্গতা ভাঙিয়ে বিরক্ত করছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল মাতামুহুরী নদীর শেষ প্রান্ত পাহাড়ভাঙ্গা থেকে। গ্রামটি ছিল সাঙ্গু অভয়ারণ্যের ভেতর।

সময়টা ছিল গত বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহ। অচেনা-অজানা একটা অঞ্চল। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। প্রতি মুহূর্তেই ভাবি, এই বুঝি বিরল কোনো প্রাণীর দেখা পেয়ে গেলাম। গাছে গাছে পাহাড়ি বুনো পাখি। পথের মাঝে সবুজ বোরা সাপ দেখে এই সন্দেহটা আরও বেড়ে গেলে। বেশ কটি প্রজাতির গিরগিটি দেখলাম। খাড়া পাহাড়ের প্রায় ১৭৬ মিটার ওপরে দেখলাম ভালুকের পায়ের ছাপ। এ রকম একটি জায়গায় অচেনা প্রাণীর সন্ধান মিলতেই পারে।

সাঙ্গু-মাতামুহুরীর এই অঞ্চলটায় বন্য প্রাণীর গবেষণাকাজে ছিলাম প্রায় এক সপ্তাহ। পুরো সফরেই মনে মনে একটি প্রাণীকে খুঁজেছিলাম। স্থানীয় বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাও করেছি প্রাণীটির কথা। অনেকেই তার ডাক শুনেছে বলে তথ্য দিলেন। পাথরের ভেতর থেকে কুকুরের মতো ডাকাডাকি করে বলে পাহাড়িরা এর নাম দিয়েছেন টেপিকুই। স্থানীয় মুরংরা বলেন থ্রিয়াপ্রংকুইউ। তবে প্রাণীটি জলার আঁচিল নামেও পরিচিত। ইংরেজি নাম হলো নর্থ-ইস্টার্ন ওয়াটার স্কিংক এবং বৈজ্ঞানিক নাম ট্রপিডোফোরাস আসামেনসিস।

ব্রিটিশ আমলে টেপিকুই নামের এই জল আঁচিলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল সিলেটের হবিগঞ্জ থেকে ১৯১২ সালের দিকে। এরপর থেকে এই প্রাণীর আর কোনো হদিস পাওয়া যায়নি। তবে বন্য প্রাণী গবেষকদের ধারণা ছিল, এ দেশে এখনো এই আঁচিল টিকে আছে। ভারতের আসাম ও মিজোরাম এলাকায় এই প্রাণীকে মাত্র তিনবার দেখা গেছে বলে ভারতীয় সরীসৃপ গবেষক অভিজিৎ দাশ তাঁর ২০০৯ সালের গবেষণাপত্রে উল্লেখ করেছেন। আমাদেরও ধারণা ছিল, সিলেট অঞ্চলে এটি এখনো টিকে আছে। হঠাৎ ২০১৩ সালে সহকর্মী বন্ধু প্রয়াত তানিয়া খান মৌলভীবাজারের খাদিমনগর ন্যাশনাল পার্ক থেকে টেপিকুইয়ের সন্ধান পান। এরপর বেশ কয়েকজন গবেষক সাঙ্গু-মাতামুহুরী ও পার্বত্য এলাকা থেকে এই প্রাণীর ছবি তোলেন এবং এর অস্তিত্ব আছে বলে তথ্য দেন।

টেপিকুই দেখার প্রবল ইচ্ছা আমার সব সময়ই ছিল। আইইউসিএন বাংলাদেশের লাল তালিকা অনুযায়ী টেপিকুই সংকটাপন্ন। লাল তালিকার সমন্বয়ক হিসেবে তার তথ্য পাওয়ার চেষ্টা করছি বহুদিন ধরে। মাতামুহুরীর পাহাড়ি পাথুরে ঝিরিপথই এই প্রাণী দেখার সবচেয়ে ভালো জায়গা। তাই প্রতিদিনই পাথুরে ঝিরিপথের নিচে চোখ রেখেছি। রাতে কান খাড়া করে ছিলাম, যদি ডাক শোনা যায়। পাহাড়ভাঙ্গায় যে মুরং বাড়িতে রাত যাপন করেছিলাম, সে বাড়ির বেশ কয়েকজনকে বলে রেখেছিলাম ডাক শুনলে খবর দিতে। কিন্তু কোনোভাবেই তার হদিস মিলছিল না।

পাতরা পাড়া যাওয়ার পথে টানা প্রায় দুই ঘণ্টা হাঁটার পর ক্লান্ত শরীর নিয়ে থ্রিয়াপ্রোংবোই ঝরনার কাছে একটি পাথরের ওপর বসে আছি। সহকর্মী শিবলী সাদিক হঠাৎ চিৎকার করে উঠল। টেপিকুই পাওয়া গেছে। দারুণ এক শিহরণ অনুভব করলাম। এর চেয়ে আর ভালো কী হতে পারে! একদম কাছে গিয়ে দেখলাম, প্রাণীটি আমার দিকে তাকিয়ে আছে। গাঢ় বাদামি শরীরের উপরিভাগে হলুদাভ স্পষ্ট দাগ দেখে সহজেই চিনতে পারলাম। বেশ ভালো করে ছবি তুললাম। কোনোভাবেই সে বিরক্ত অনুভব করল না। প্রায় আধা ঘণ্টা টেপিকুইটির সঙ্গে কাটিয়ে চললাম পাতরা পাড়ার দিকে।

টেপকুইয়ের মতো এসব অচেনা প্রাণীর খুব বেশি তথ্য আমাদের হাতে নেই। গবেষণা করার খুব বেশি উদ্যোগও নেই। প্রাণীগুলো আসলেই বুনো পরিবেশে কেমন আছে, তা জানার ইচ্ছা আমার সব সময়ের।