ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার নুরপুর এলাকায় গতকাল শুক্রবার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীনুজ্জামান (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শাহীনুজ্জামান মোটরসাইকেলের চালক ছিলেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী জয়নাল হোসেন (১৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ট্রাকচালক সুমনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
নিহত শাহীনুজ্জামান মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে সদর উপজেলার পিরোজপুর গ্রামের এলেক উদ্দীনের ছেলে। আহত জয়নাল একই গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।