
>
- ছোট ক্যাম্পাসে বেড়ে উঠেছে তিন শতাধিক গাছ।
- প্রায় ১০-১৫ বছর আগে এসব গাছ লাগানো হয়।
সবুজ পাতাগুলো চোখ জুড়িয়ে দেয়। ডালে ডালে পাখির বাসা। ছায়ায় বসে সময় কাটান শিক্ষার্থীরা। গাছগুলো দিচ্ছে অক্সিজেন, রক্ষা করছে পরিবেশ। কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণের এমন চিত্র হয়তো আর বেশি দিন মিলবে না। সেখানে দুই শতাধিক গাছ কাটার আয়োজন চলছে। এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের ঠুনকো অজুহাত, ‘অপরিকল্পিতভাবে’ লাগানো হয়েছে গাছগুলো।
কুষ্টিয়াসহ আশপাশের জেলার প্রায় ২২ হাজারের বেশি শিক্ষার্থী পড়েন এই কলেজে। ছোট ক্যাম্পাসে অবকাঠামোর ফাঁকে ফাঁকে বেড়ে উঠেছে তিন শতাধিক গাছ। বেশির ভাগই রেইনট্রি, শিশু, মেহগনি, নারকেল, তাল, বাবলা ও কড়াইগাছ। প্রায় ১০-১৫ বছর আগে এসব গাছ লাগানো হয়।
জানতে চাইলে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির প্রথম আলোকে বলেন, বিধি মেনেই গাছ কাটার প্রক্রিয়া চলছে। বন বিভাগকে সঙ্গে নিয়েই সবকিছু করা হচ্ছে। তিনি দাবি করেন, গাছগুলো অপরিকল্পিতভাবে লাগানো। এসব গাছের কারণে শ্রেণিকক্ষে আলো যাচ্ছে না। পচা পাতা ভবন নষ্ট করে দিচ্ছে। গাছের শিকড় ভবনে ফাটল ধরাচ্ছে। এসব কারণে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাটার পর পরিকল্পিতভাবে যাতে শোভা বর্ধন হয় সে জন্য ফলদ ও ঔষধি গাছ লাগানো হবে।
তবে এসব গাছের মূল্য নির্ধারণে সামাজিক বন বিভাগের কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ে চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাতে অপরিকল্পিতভাবে গাছ লাগানোর কোনো উল্লেখ নেই। চিঠিতে গাছ কাটার পক্ষে কলেজ কর্তৃপক্ষ দিয়েছে ভিন্ন কয়েকটি অজুহাত। চিঠিতে গাছগুলোকে ‘মরা, ঝড়ে পড়া, ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে; বয়স বলা হয়েছে ২০ থেকে ৬০ বছর।
বন বিভাগ সূত্র বলছে, গত মঙ্গলবার তারা চিঠি পেয়েছে। বন বিভাগের কর্মকর্তা আবদুর রাজ্জাক কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে গাছগুলো চিহ্নিত করেছেন। আবদুর রাজ্জাক বলেন, গাছগুলো তিন থেকে সর্বোচ্চ ১৫ বছর বয়সী হবে। চিহ্নিত করা মানেই সব গাছ কাটা নয়। এখনো অনেক প্রক্রিয়া বাকি আছে।
গত বছরের ডিসেম্বরে কলেজ কর্তৃপক্ষ গাছগুলো কাটার সিদ্ধান্ত নেয়। এ জন্য কমিটিও গঠন করে। জেলা প্রশাসক কমিটির সভাপতি আর কলেজের অধ্যক্ষ সদস্যসচিব। জানতে চাইলে কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান বলেন, কলেজের ভবনের ক্ষতি করছে, এমন গাছ কাটার প্রক্রিয়া চলছে। তবে এতে সব গাছ কাটা পড়ছে কি না, সেটা দেখা হচ্ছে। এ ব্যাপারে সভা আছে, সেখানে তুলে ধরা হবে।
একই কমিটিতে সদস্য হিসেবে আছেন বন বিভাগ ও শিক্ষা ফ্যাসিলিটিজ বিভাগের কর্মকর্তারা। সম্প্রতি বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে কলেজ কর্তৃপক্ষ কাটা হবে এমন গাছগুলো প্রাথমিকভাবে চিহ্নিত করে। গাছের বাকল তুলে সেখানে লাল কালি দিয়ে নম্বর লেখা হয়েছে। এমন গাছের সংখ্যা ২৬০টি।