সুন্দরবনের ভেতরে প্রবাহিত নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও কার্গো চলাচল গত আড়াই বছরেও বন্ধ হয়নি। ফলে পৃথিবীর বিরল প্রজাতির ডলফিনের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা করছেন প্রাণী বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে ওই নৌপথ বন্ধের দাবি জানানোর পরও তা বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও প্রাণী বিশেষজ্ঞরা।
সুন্দরবনের ওই নৌপথে গাঙ্গেয়, শুশুক, ইরাবতীসহ আরও কয়েকটি বিরল প্রজাতির ডলফিনের অভয়ারণ্য রয়েছে। নৌপথটি দিয়ে প্রতিদিন কমপক্ষে ২০০টি ভারী মালবাহী নৌযান চলাচল করে। এসব নৌযানের পাখার (প্রপেলার) আঘাতে প্রায়ই বাচ্চা ও প্রাপ্তবয়স্ক ডলফিনের মৃত্যু হচ্ছে। ডলফিনসহ অন্য উভচর প্রাণীর আবাস হুমকির মুখে পড়ছে এবং সুন্দরবনের পরিবেশ বিপন্ন হচ্ছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনের ভেতরে প্রবাহিত নদীতে ৫২টি এবং সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরে ৩৮টি শুশুক ও ইরাবতী প্রজাতির ডলফিন মারা যায়। নৌযানের পাখার আঘাতে ও জেলেদের জালে আটকা পড়ে এসব ডলফিনের মৃত্যু হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ২০১২ সালের ২৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে পরিবেশ ও বন মন্ত্রণালয় খুলনার দাকোপ উপজেলা-সংলগ্ন সুন্দরবনের ঘাঘড়ামারী টহল ফাঁড়ি থেকে ঢাংমারি স্টেশন হয়ে ১২ কিলোমিটার নদীপথ, বাগেরহাটের মংলার চিলা থেকে শেলা নদী পর্যন্ত ১৫ কিলোমিটার এবং শরণখোলা উপজেলার দুধমুখী নদী হতে ভোলা নদীর মুখ পর্যন্ত পাঁচ কিলোমিটারসহ ৩২ কিলোমিটার নৌপথকে ডলফিনের অভয়ারণ্য ঘোষণা দেয়। পাশাপাশি ওই এলাকা দিয়ে ভারী নৌযান চলাচল এবং কারেন্ট জাল, ফাঁস জাল, বেহুন্দি জাল ও রেণুপোনা ধরার জাল ফেলা নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করে সংরক্ষিত এই নৌপথ দিয়ে প্রতিদিন কমপক্ষে ২০০টি বাণিজ্যিক জাহাজ এবং কার্গো চলাচল করছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তারা জানান, আগে ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল চুক্তির আওতায় চলাচলকারী পণ্যবাহী কার্গো ও জাহাজগুলো ঘসিয়াখালী খাল দিয়ে খুলনা ও মংলায় আসা-যাওয়া করত। প্রায় নয় কিলোমিটার দীর্ঘ ওই খালটির নাব্যতা হ্রাস পাওয়ায় ২০১১ সালের নভেম্বরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত নদীপথের সন্ন্যাসী-রায়েন্দা-বগী-শরণখোলা-দুধমুখী-হরিণটানা-আন্ধারমানিক-মুগমারী-চাঁদপাই-জয়মণিরগোল হয়ে মংলা বন্দরে যাওয়ার জন্য ওই নৌযানগুলোকে অনুমতি দেয়। আর ওই নৌপথেই রয়েছে বিরল প্রজাতির ডলফিনের অভয়ারণ্য। এ ছাড়া হরিণটানা, বগী, চাঁদপাই, জয়মণিরগোল এলাকা হরিণ ও বেঙ্গল টাইগারের অন্যতম বিচরণক্ষেত্র। এ এলাকা পৃথিবীর সবচেয়ে কম জায়গায় সবচেয়ে বেশি বেঙ্গল টাইগার বিচরণের জন্য বিখ্যাত। ভারী নৌযানের বিকট শব্দে আড়াই বছর ধরে সেখানে আগের মতো বন্য প্রাণী আসছে না।
বন সংরক্ষক তপন কুমার দে প্রথম আলোকে বলেন, ‘আমরা এই নৌ রুটটি বন্ধের জন্য গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে তিনটি বিকল্প নৌ রুট ব্যবহারের সুপারিশমালা পেশ করেছি। বিষয়টি বিবেচনাধীন।’
বন বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২০১১ সালের শেষের দিকে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি (এনওয়াই) ও বাংলাদেশ সিটাসিন ডাইভারসিটি প্রকল্পের প্রাণী বিশেষজ্ঞরা যৌথভাবে সুন্দরবনসহ বঙ্গোপসাগরে ব্যাপক অনুসন্ধান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ইরাবতীসহ ছয় প্রজাতির ডলফিন ও এক প্রজাতির তিমির সন্ধান পান।
ওই অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা গেছে, সুন্দরবনের বাংলাদেশ অংশের নদ-নদীসহ বঙ্গোপসাগরের সোয়াস অব নো গ্রাউন্ডে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক বিলুপ্ত প্রজাতির ইরাবতী ডলফিন রয়েছে। এ সংখ্যা প্রায় পাঁচ হাজার ৪০০টি। এ ছাড়া এই জলসীমার ১৩টি স্থানে ৪০টি ইন্দো-প্যাসিফিক হামপ ব্যাক্ট ডলফিন, এক হাজার ৩৮২টি ফিনলেস ডলফিন, এক হাজার ইন্দো-প্যাসিফিক বটল নোস ডলফিনের অস্তিত্ব পান বিশেষজ্ঞরা। তা ছাড়া সুন্দরবন উপকূলের ১৪টি স্থানে বেশ কিছু সিপনার ডলফিন, আটটি স্থানে ৮০০টি সপটেড ডলফিন এবং সুন্দরবনসহ উপকূলের ১৩টি স্থানে ২২৫টি গ্যাংগেজ রিভার ডলফিন দেখতে পাওয়া গেছে। একই এলাকায় ব্রাইডস হোয়েলস প্রজাতির ৫০টি তিমির দেখা পেয়েছেন বিশেষজ্ঞরা।
ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘নৌপথটির কারণে বিরল প্রজাতির ডলফিনসহ জলজ ও উভচর প্রাণীর বংশবিস্তার এবং আবাস হুমকির মুখে পড়েছে। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। বন বিভাগ ও আমরা এই পথটি বন্ধের জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছি। সরকারের কাছে সুপারিশও দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়াটা দুঃখজনক।’