ডাস্টবিনের আবর্জনা ছড়িয়ে পড়ছে মহাসড়কে, দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ এলাকায় বাংলাদেশ-চীন মৈত্রী (দুই) সেতুর সংযোগ সড়কের পাশে আবর্জনার স্তূপ। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ এলাকায় বাংলাদেশ-চীন মৈত্রী (দুই) সেতুর সংযোগ সড়কের পাশে আবর্জনার স্তূপ। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহ পৌরসভার বড় একটি ডাস্টবিনের আবর্জনা মহাসড়কে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে যানবাহনের যাত্রী ও স্থানীয় লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহর-সংলগ্ন শম্ভুগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হওয়ার পর থেকে
প্রায় ১৫ বছর ধরে পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে শহরতলির চর কালীবাড়ি এলাকার একটি ডাস্টবিনে। চর কালীবাড়ি এলাকায় তিন একর জমির ওপর ওই ভাগাড়টি গড়ে তোলা হয়েছে।
স্থানীয়দের লোকজনের অভিযোগ, ডাস্টবিনের আবর্জনা প্রায়ই উপচে পড়া থাকে। বৃষ্টি হলে এই আবর্জনা ময়মনসিংহ-কিশোরগঞ্জ-শেরপুর-নেত্রকোনা মহাসড়কের ওপর এসে পড়ে। এতে প্রচণ্ড দুর্গন্ধে এ মহাসড়ক দিয়ে চলাচলকারীরা অতিষ্ঠ হয়ে পড়েন। মহাসড়কটি শম্ভুগঞ্জ মোড় থেকে ভাগ হয়ে গেছে। যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন যখন ভাগাড় এলাকাটি অতিক্রম করে তখন প্রচণ্ড দুর্গন্ধে এড়াতে লোকজন দুই হাতে নাক-মুখ চেপে ধরেন। এ ছাড়া ময়মনসিংহ শহর থেকে রিকশাসহ অন্যান্য ছোট ছোট যানবাহনে করে যাঁরা সদর উপজেলার বিভিন্ন গ্রামে যাতায়াত করেন প্রতিদিন তাঁদের দুর্গন্ধে নাকাল হতে হচ্ছে।
গত মঙ্গলবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, ডাস্টবিনের আবর্জনা বৃষ্টির পানিতে মিশে মহাসড়কের অনেকটা অংশে ছড়িয়ে আছে। বাসসহ বিভিন্ন যানবাহনকে ওই অংশ এড়িয়ে চলার চেষ্টা করতে দেখা যায়। এ সময় কথা হয়, কিশোরগঞ্জগামী একটি বাসের চালক, চালকের সহকারী ও যাত্রীদের সঙ্গে। তাঁরা বলেন, সারা বছর এই ভাগাড়ের জন্য তাঁদের দুর্গন্ধে ভুগতে হয়। এ বছর তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ায় তাঁদের ভোগান্তি বেড়ে গেছে। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী আবদুল আউয়াল বলেন, এখন প্রায়ই শম্ভুগঞ্জ সেতুকে (বাংলাদেশ চীন মৈত্রী সেতু) ঘিরে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যানজট হলে ভাগাড়ের সামনের এলাকায় দীর্ঘক্ষণ বাস আটকে থাকে। প্রচণ্ড দুর্গন্ধের মধ্যে বাসে বসে থাকা খুবই কষ্টকর।
চর কালীবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলায় মানুষের মুখে মুখে ওই এলাকার নামই হয়ে গেছে ‘ময়লাকান্দা’। এখন অনেক রিকশাচালক ও ইজিবাইকের চালকেরা চর কালীবাড়ি বললে চেনেন না। বলতে হয় ময়লাকান্দা।
এ ব্যাপারে পৌরসভার মেয়র মো. ইকরামুল হক দেশে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পৌরসভার স্যানিটেশন কর্মকর্তা দীপক কুমার মজুমদার বলেন, ‘মাঝেমধ্যে আবর্জনা সড়কে ছড়িয়ে থাকে, তা আমরা সরিয়ে ফেলি। আর দুর্গন্ধ কমাতে ব্লিচিং পাউডার ব্যবহার করি।’