ডিএনডি বাঁধের ভেতরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাবেশ
ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধের ভেতরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফতুল্লা শাখা। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বাজার মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের ফতুল্লা শাখার সম্পাদক রঞ্জিত দাস। এতে বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, জেলা কমিটির নেতা হাফিজুল ইসলাম, শিবনাথ চক্রবর্তী, আবদুল হাই শরীফ, বিমল কান্তি দাস, আবুল হোসেন, নূরুল ইসলাম, এম এ শাহীন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, ডিএনডি বাঁধের ভেতরে নিচু এলাকাগুলো প্রতিবছর বর্ষাকালে পানিতে ডুবে যায়। মানুষের ঘরবাড়ি থেকে শিল্পকারখানা পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়। ভোগান্তিতে পড়ে বাঁধের ভেতরে বসবাসকারী লাখ লাখ মানুষ। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও তা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাঁধের ভেতরে খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়া এবং পানিনিষ্কাশনের অধিকাংশ পাম্প অচল থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বৃষ্টির পানির সঙ্গে ডাইংসহ বিভিন্ন কলকারখানার পচা পানি মিশে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে।