ডুবের রাজা খোঁপা ডুবুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি রাজশাহীর পদ্মা নদী থেকে খোঁপা ডুবুরির ছবি তুলেছেন আদনান আজাদ

তিনটি ভারতীয় মিগ জঙ্গি বিমান প্রচণ্ড শব্দে চরাচর কাঁপিয়ে দিয়ে বিল কেন্দুয়ার ওপর দিয়ে চলে গেল খুলনা শিপইয়ার্ডের দিকে। ভয়ে বিলের ছোট-মাঝারি ও বড় পাখিরা দিশাহারার মতো ছিটকে উঠে উড়াল দিল দিগ্‌বিদিক। বিভিন্ন প্রজাতির হাজার হাজার বুনো হাঁস বিলের আকাশে উড়ছে, ঘুরছে ও ডাকছে। ওদের ভেজা শরীর থেকে ‘পাখিবৃষ্টি’ হচ্ছে। আহা রে পাখির ঘ্রাণমিশ্রিত বৃষ্টি! শ খানেক কালকুঁচ বা জলকুক্কুট অথবা ‘রামের কোড়া’ পাখি খোলা জলের ‘জল-রানওয়ে’র ওপর দিয়ে বিমানের মতো দৌড় শুরু করল।

নান্দনিক সৌন্দর্যে ভরপুর ও শিল্পিত ও রকম জলদৌড় দেখলে মনে হবে অনেকগুলো কালো রঙের ‘পাখিবিমান’ রানওয়ে ধরে ছুটছে ‘টেক অফ’ করার জন্য। পাশাপাশি জঙ্গি বিমানের কৌশলে জল-রানওয়ে ধরে ছুটছে অন্য রকম আরও গোটাকয় পাখি। টেক অফ করল বটে, বেশি দূরে গেল না, জলে পড়েই ডুব দিয়ে অদৃশ্য একেবারে স্বচ্ছ জলের তলায়। এর পরে ভুশ করে ভেসে ওঠা ও ডুব দেওয়া চলল কিছুক্ষণ।

ঘটনাটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। সম্ভবত ডিসেম্বরের ১১ তারিখ ছিল সেদিন। আমরা কজন হোগলাবনে ডিঙিনৌকায় বসে ছিলাম জেলের ছদ্মবেশে ‘রেকি’ করার জন্য ওই কেন্দুয়া বিলেই। টুঙ্গিপাড়া-মোল্লাহাট-চিতলমারীর দিক থেকে মুক্তিবাহিনী দ্রুতই অগ্রসর হচ্ছে ফকিরহাটের দিকে। ফকিরহাটের রাজাকার ক্যাম্প দখল করা অতি জরুরি।

ডুবে ওস্তাদ ও তুখোড় সাঁতারু ওই পাখিগুলো ছিল খোঁপা ডুবুরি। ঘাড়ের ওপরে মাথার পেছন দিকে মেয়েদের ‘আকাশি খোঁপা’র মতো সরু খোঁপা-পালক থাকে। প্রজনন মৌসুমে সেই খোঁপা বৃদ্ধি পায়, পুরুষটির সৌন্দর্য খুলে যায়। শীতের পরিযায়ী বিরল এই পাখিরা যখন আমাদের দেশের হাওর-বাঁওড়ে আসে, তখন তো যৌবনের রং যায় ঝরে। তবু পাখিটিকে সুন্দর লাগে।

বন্দুকের গুলিতে আহত এই পাখিকে পায়ে লম্বা রশি বেঁধে বেশ কিছুবার বাড়ির পুকুরে ছেড়ে রেখে দেখেছি। ডুব দেওয়ার পর পাখা থাকে শরীরের দুপাশে সাঁটা, সরলরেখা করে ফেলে পুরো শরীরটাকে। টানটান শরীরে ডুব দিয়ে জলের তলা দিয়ে এরা টর্পেডোর মতো দ্রুতবেগে চলে, হ্যাঁ, অনেকটাই টর্পেডোর মতোই শরীরের গড়ন-ধরন এদের। লম্বা নলাকৃতির গলা, ঘাড়, মাথাসহ সুচালো ঠোঁটটি মিলেমিশে একটা আলাদা সৌন্দর্য এদের আছে। ঠোঁটটি কাজেরও। ছোট-মাঝারি মাছকে ঠোকর দিয়ে এফোঁড়-ওফোঁড় করে ফেলতে পারে। অপেক্ষাকৃত ছোট চোখ, ঘাড়-পিঠ ঘন-বাদামি, চিবুক-ঘাড়-গলা ও বুক-পেটের তলা তুলট সাদা, ডানার উপরিভাগে সাদা ও বাদামির মিশ্রণে গড়া শিল্পকর্ম যেন, পা ধূসরাভ, ঠোঁট গোলাপি। প্রজননে পুরুষটির ঘাড় ও শরীরের পার্শ্বদেশ দর্শনীয় লালচে-বাদামি।

মূল খাদ্য এদের ছোট-মাঝারি মাছ। ডুব দিয়ে জলের অনেক গভীরে যেতে পারে। জলের তলায় থাকতেও পারে ৩০-৪০ সেকেন্ড পর্যন্ত। অবসরে এরা দলবদ্ধভাবে ডুব-সাঁতারের আনন্দ-ক্রীড়ায়ও মাতে।

বাগেরহাট-খুলনা অঞ্চলে আজ আর দেখতে না পাওয়া এই পাখির নাম খোঁপা ডুবুরি বা বড় ডুবুরি। তবে দেশের হাওর-বাঁওড়-নদী ও বড় বিল-ঝিল-জলাশয়ে দেখা মেলে আজও।

ইংরেজি নাম Great crested grebe। বৈজ্ঞানিক নাম podiceps cristatus। দৈর্ঘ্য ৪৯ সেন্টিমিটার।