ড্রেজিংয়ে সুব্যবস্থাপনা নেই: বাপা
নদ–নদীগুলোতে যে ধরনের ড্রেজিং হচ্ছে, তা সুব্যস্থাপনার মাধ্যমে হচ্ছে না। নদী খননে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। এর প্রভাব পড়ছে নদীপারের মানুষের ওপর।
বিশ্ব পরিবেশ দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে আজ রোববার সকাল নয়টায় ‘বাংলাদেশের নদী ব্যবস্থাপনা ও খনন’ শীর্ষক এক ওয়েবিনারে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, নদীগুলোকে মেরে ফেলা হচ্ছে। নদী পরিচয় হারাচ্ছে। নদীকে বলা হচ্ছে খাল। এ ছাড়া অপরিকল্পিতভাবে খননের ফলে নদী তার বৈশিষ্ট্য হারাচ্ছে।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন, বাপার সহসভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, নদী রক্ষায় কোনো সামগ্রিক পরিকল্পনা নেই। ডেলটা প্ল্যানকে ভাবা হয়েছিল সামগ্রিক পরিকল্পনা হিসেবে। কিন্তু তা বাস্তবে দেখা যায়নি। নদ–নদী রক্ষার ক্ষেত্রে পুরোটাই অরাজক পরিস্থিতি চলছে।
নজরুল ইসলাম আরও বলেন, ‘আসলে নদ–নদী রক্ষায় সঠিক পন্থা অনুসরণ করা হলে খননের দরকার হতো না। বাপার পক্ষ থেকে আন্দোলন করে আসছি। কিন্তু দুর্নীতি এত ব্যাপক হয়ে গেছে যে হাজার হাজার কোটি টাকা ব্যাপার না। সে খেলাটাই দেখছি। সেখান থেকে ফেরার জন্য গবেষণা, সুপারিশ, তথ্য উপস্থাপন করে জনগণের কাছে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এগোতে হবে।’
ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) উপদেষ্টা মমিনুল হক সরকার। তিনি নদী খননে সরকারের বড় প্রকল্পগুলো প্রসঙ্গে বলেন, নদী নিয়ে বড় প্রকল্পের যথার্থতা জানা নেই।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লকহ্যাভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. খালেকুজ্জামান বলেন, নদীতে ড্রেজিং করে নদীতেই ফেলা হচ্ছে। নদী খননে সঠিক নিয়ম মানতে হবে। বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা না করে লুটপাটের প্রকল্প নেওয়ায় সে প্রকল্প গ্রহণযোগ্য হচ্ছে না।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, একটা নদীও পরিকল্পনা অনুযায়ী খনন করা হচ্ছে না। নদীকে খনন করতে হলে যা বিবেচনায় নেওয়া দরকার, তা আমলে নেওয়া হয় না।
ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, ‘আজকের সমস্যাগুলো আগেও উঠে এসেছে। সবকিছু না জেনে ড্রেজিং করা যায় না। এখন আমাদের সমাধান খুঁজতে হবে। খননকাজ করতে গেলে হাইড্রোমরফজিক্যাল স্টাডি হচ্ছে কি না, তা দেখতে হবে। নদীর জন্য ভালো কাজ করতে পারলে তার সুফল সরকার পাবে। এ ক্ষেত্রে পেশাদারত্ব দরকার। এ ক্ষেত্রে যাঁরা দক্ষ, তাঁদের কাজে লাগাতে হবে।’
ওয়েবিনারে আরও বক্তব্য দেন, নদী জোটের আহ্বায়ক ও বাপার যুগ্ম সম্পাদক শারমীন মুরশিদ, চলনবিল রক্ষা জাতীয় কমিটির সদস্য আফজাল হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল প্রমুখ।