ঢাকনা নেই ৮১৮ কিমি নর্দমায়

Timeline on Huawei security concerns, and the legal woes of financial chief Meng Wanzhou. AFP illustration
Timeline on Huawei security concerns, and the legal woes of financial chief Meng Wanzhou. AFP illustration

সিলেট নগরের ব্রাহ্মণশাসন এলাকার মূল রাস্তার পাশ ঘেঁষেই রয়েছে নর্দমা। সে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে রাতের অন্ধকারে ঢাকনাবিহীন নর্দমায় অনেকে অসাবধানতাবশত পড়ে যান। এলাকাবাসীর দাবি, দ্রুত এ এলাকার উন্মুক্ত নর্দমায় ঢাকনা বসানো হোক। এ ছাড়া নর্দমা উন্মুক্ত থাকায় সেসব থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা, মাছি ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে বলেও নগরবাসীর অভিযোগ।

নগরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডেই কমবেশি নর্দমার ঢাকনা উন্মুক্ত রয়েছে। রাতে কিংবা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিলে মানুষ এসব রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক পাড়া-মহল্লার নর্দমায় ঢাকনা না থাকায় শিশুরা খেলাধুলা করতে গিয়ে প্রায়ই অসাবধানতাবশত নর্দমায় পড়ে জখম হচ্ছে। কোনো কোনো স্থানে সড়কবাতি না থাকায় রাতের আঁধারে রিকশাচালকেরাও নর্দমায় রিকশাসহ পড়ে আহত হচ্ছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, সম্প্রতি নগরের বিভিন্ন এলাকায় রাস্তা সম্প্রসারণের পাশাপাশি নর্দমাগুলোও প্রশস্তকরণ ও পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজের অংশ হিসেবে অনেক নর্দমায় নতুন করে ঢাকনা বসানো হচ্ছে। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সব কটি উন্মুক্ত থাকা নর্দমায় ঢাকনা বসানোর কাজ শেষ করা হবে। একই সূত্রে জানা গেছে, নগরে ৯৬৮ কিলোমিটার নালা-নর্দমা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫০ কিলোমিটার নর্দমায় ঢাকনা রয়েছে। ঢাকনাবিহীন রয়েছে ৮১৮ কিলোমিটার। এ নর্দমা ছাড়াও নগরের ওপর দিয়ে প্রবাহিত ৯টি ছড়ার (প্রাকৃতিক খালবিশেষ) অন্তত ২৫ কিলোমিটার অংশও উন্মুক্ত রয়েছে।

হাওলদারপাড়া এলাকার বাসিন্দা হাসিবুর রহমান বলেন, পাড়া-মহল্লার গুরুত্বপূর্ণ নর্দমাগুলোতে দ্রুত ঢাকনা বসানো প্রয়োজন। কারণ, এলাকার শিশু-কিশোরেরা প্রায়ই দৌড়ঝাঁপ আর খেলাধুলা করতে গিয়ে বেখেয়ালে নর্দমায় পড়ছে। এ ছাড়া নর্দমা উন্মুক্ত থাকায় মশা-মাছির উপদ্রবও বছরজুড়ে লেগে থাকে। এমনকি পাড়া-মহল্লার পরিবেশও অস্বাস্থ্যকর থাকে।

সরেজমিন দেখা গেছে, প্রায় প্রতিটি পাড়া-মহল্লার নর্দমা ঢাকনাবিহীন অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে ব্রাহ্মণশাসন, কালীবাড়ী, হাওলদারপাড়া, করেরপাড়া, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ রোড, পনিটুলা, বাগবাড়ি, রায়নগর, শাহী ঈদগাহ, সোবহানীঘাট, কুয়ারপাড় উল্লেখযোগ্য।

নাগরিক জোট সিলেটের সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম বলেন, নর্দমায় ঢাকনা না থাকা দীর্ঘদিনের সমস্যা। যুগের পর যুগ জনগুরুত্বপূর্ণ এসব নর্দমায় ঢাকনা না থাকায় ছোট-বড় বহু দুর্ঘটনা ঘটছে। কিন্তু সিটি করপোরেশন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে জানান, নগরের প্রধান সড়কগুলোর পাশের নর্দমায় ঢাকনা রয়েছে। কেবল পাড়া-মহল্লায় ঢাকনাবিহীন নর্দমা রয়েছে। তবে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সব কটিতে ঢাকনা বসানোর কাজ করা হবে। এরই মধ্যে কিছু কিছু এলাকায় ঢাকনা বসানোর কাজ শুরুও হয়েছে। বর্ষা মৌসুমের আগে দ্রুততার সঙ্গে বিভিন্ন পাড়া-মহল্লায় বেশ কিছু নর্দমায় ঢাকনা বসানো হবে। তিনি আরও বলেন, সব নর্দমায় ঢাকনা দেওয়া ঠিকও হবে না। কারণ, ঢাকনা দিলে নর্দমা সময়মতো পরিষ্কার করা না হলে দ্রুত ভরাট হয়ে পানিনিষ্কাশনব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে সমস্যা বাড়বে। তবে যেসব গুরুত্বপূর্ণ নর্দমায় ঢাকনা দেওয়া উচিত বলে প্রকৌশলীরা নির্ধারণ করবেন, সেসব স্থানে অবশ্যই ঢাকনা পর্যায়ক্রমে বসানো হবে।