ঢাকায় হঠাৎ শীতের পরশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আকাশে ভোরের সূর্যের আলোকে আজ সকালে উঁকি মারার সুযোগ দেয়নি কুয়াশা।
আবহাওয়ার এই হাল কেবল রাজধানীতেই নয়, সারা দেশে চলছে। এতে একদিনের ব্যবধানে দেশের সব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
গেল সপ্তাহের শেষ দিন শুক্রবার রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। তিন দিনের ব্যবধানে তা কমে আজ সকালে হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি।
একমাত্র চট্টগ্রাম ছাড়া সব বিভাগীয় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। একই ভাবে সর্বনিম্ন তাপও কমে আসছে। রাজশাহী শহরে আজ সকালে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া বিভাগের মতে, শৈত্যপ্রবাহ নয়, কুয়াশা পড়ার জন্য এখন তাপ কমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুল রশীদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে কুয়াশা পড়ছে। তা ছাড়া দিন ছোট হয়ে এসেছে। রাতের সময় এখন বেশি, তাই সূর্যালোক কম পড়ছে। সব মিলিয়ে শীত পড়ছে।
এমন অবস্থা আরও কয়েক দিন চলবে। কুয়াশা কেটে গেলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের বেলা ১ থেকে ২ ডিগ্রি এবং দিনের বেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াম কমে যেতে পারে।