ঢাকার বায়ুদূষণ কমাতে ১১ সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষা শেষ হতে না হতেই ঢাকার রাস্তায় ধুলার রাজত্ব l ছবি: প্রথম আলো
বর্ষা শেষ হতে না হতেই ঢাকার রাস্তায় ধুলার রাজত্ব l ছবি: প্রথম আলো

রাজধানীর বায়ুদূষণ কমাতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের চামেলী সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন সংস্থার জন্য ১১ দফা করণীয় সুপারিশ করা হয়। 

করণীয়গুলো হলো ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে সনাতন পদ্ধতি বাদ দিয়ে প্রযুক্তনির্ভর ইটভাটা করা। যানবাহনের কার্বন নিঃসরণমাত্রা পরীক্ষা করে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করা। দীর্ঘ যানজটে আটকে থাকলে গাড়ির ইঞ্জিন বন্ধ রাখা। শিল্পকারখানায় মনিটরিং জোরদার করা। নির্মাণকাজে ব্যবহৃত বালু, সিমেন্ট, ইট ইত্যাদি পরিবহন ও মজুতের সময় ঢেকে রাখা। সরকারি ও বেসরকারি পর্যায়ে ভবন ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের (গ্যাস, বিদ্যুৎ, পানি, পয়োনিষ্কাশন ও টেলিফোন লাইন উন্নয়ন ও মেরামত) সময় ধূলিদূষণ নিয়ন্ত্রণ করতে পানি ছিটানো। সড়ক নির্মাণ ও মেরামত এবং সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয় সাধন করা। রাস্তা খোঁড়াখুঁড়ির সময় ওই স্থান যতটুকু সম্ভব ঢেকে রাখা ও দিনে একাধিকবার পানি ছিটানো। নিয়মিত রাস্তা পরিচ্ছন্ন ও ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানোর ব্যবস্থা করা। উন্মুক্ত স্থানে সবুজায়ন করা এবং আবর্জনা না পোড়ানো। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা এবং ইট প্রস্তুতকারক সমিতি, বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, পরিবহন মালিক সমিতিকে এসব সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।  

সভায় বায়ুদূষণের বিভিন্ন দিক নিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী, পরিচালক জিয়াউল হক, নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেস) প্রকল্পের পরিচালক এস এম মঞ্জুরুল হান্নান খান, কেস প্রকল্পের পরামর্শক স্বপন কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, শুষ্ক মৌসুমে (নভেম্বর থেকে মার্চ) রাজধানীতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। এ সময় বাতাসে ২ দশমিক ৫ মাইক্রোমিটার আকারের বস্তুকণার উপস্থিতি বাড়ে। এই বস্তুকণা নিশ্বাসের সঙ্গে রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। রাজধানীতে এই বস্তুকণাজনিত দূষণের ৫৮ ভাগ দায় ইটভাটার, ১৮ ভাগ রাস্তা ও মাটি থেকে তৈরি ধুলা, ১০ ভাগ যানবাহন ও ১৪ ভাগ দায় অন্যান্য উৎসের।

 রইছউল আলম মণ্ডল বলেন, সবার সমন্বিত উদ্যোগ ছাড়া শুধু পরিবেশ অধিদপ্তরের পক্ষে এই দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

শুষ্ক মৌসুমে রাজধানীতে বায়ুদূষণ কমাতে পরিবেশ অধিদপ্তর আয়োজিত সভায় বিআরটিএ, সিটি করপোরেশন, ওয়াসা, তিতাস গ্যাস, সড়ক ও জনপদ বিভাগ, ইট প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন ও দূষণরোধে তাঁদের অবস্থান তুলে ধরেন।

বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সহসভাপতি আসাদুর রহমান বলেন, ‘নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ইটভাটা চালু থাকে। কিন্তু বায়ুদূষণে সারা বছরের দায় আমাদের বয়ে বেড়াতে হয়। উন্নয়নের জন্য ইট চাইলে কিছুটা ছাড় দিতে হবে। ইটভাটায় এখন লাকড়ি ব্যবহার একেবারে নেই। তারপরও যদি কেউ ব্যবহার করে আপনার ব্যবস্থা নিন।’

সভায় মেট্রোরেল প্রকল্পের উপমহাব্যবস্থাপক কৃষ্ণ কান্ত বিশ্বাস বলেন, মেট্রোরেল নির্মাণকাজের সময় পরিবেশ যাতে দূষিত না হয়, সে জন্য সম্ভাব্য সব করা হচ্ছে। প্রকল্প এলাকায় প্রতিদিন তিনবার পানি ছিটানো হয়। যেখানে কাজ চলছে, সেই এলাকা ঢেকে রাখা হয়। পরিবেশদূষণ রোধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং বুয়েট নিয়মিত পর্যবেক্ষণ করে। এই প্রকল্পের কারণে রাস্তার গাছ কাটা সম্পর্কে তিনি বলেন, যে পরিমাণ গাছ কাটা হবে প্রকল্প শেষে তার তিন গুণ গাছ লাগিয়ে দেওয়া হবে। তা ছাড়া মেট্রোরেল চালু হলে কার্বন নিঃসরণ যে হারে কমবে তাতে ঢাকার বায়ুমান অনেক বাড়বে।

ফিটনেসবিহীন গাড়ি সম্পর্কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক সানাউল হক বলেন, আগে সাদাচোখে দেখে যানবাহনের ফিটনেস নবায়ন করা হতো, ২০১৬ সালের জুন থেকে মেশিনের মাধ্যমে কার্বন নিঃসরণ, ব্রেক, হেডলাইটসহ ছয়টি বিষয় পরীক্ষা করে ফিটনেস নবায়ন করা হয়। এখন একটি মাত্র কেন্দ্রে এই পরীক্ষা করা হয়। ভবিষ্যতে কেন্দ্র আরও বাড়ানো হবে। 

বায়ুদূষণ রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) ভূমিকা সম্পর্কে সংস্থাটির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, ১ নভেম্বর থেকে ডিএসসিসির উদ্যোগে বিভিন্ন সড়কে পানি ছিটানো হচ্ছে। এক সড়কে যাতে একাধিকবার খোঁড়াখুঁড়ি না করা হয়, সে জন্য ১২ নভেম্বর ডিএসসিসির মেয়র সেবাদানকারী বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংস্থাগুলোর কাছ থেকে ছয় মাসের অগ্রিম পরিকল্পনা চাওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি ওয়ার্ডে এসটিএস নির্মাণ করাসহ ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।

সভায় উপস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী আরিফুর ইসলাম বলেন, নতুন গ্যাসসংযোগ বন্ধ থাকায় তাঁরা এখন রাস্তা খোঁড়াখুঁড়ি করেন না। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, একবার খুঁড়লে সংস্থাটি সহজে তা আর ঠিক করে না।

ধুলা নিয়ন্ত্রণে রাস্তায় পানি ছিটানো সম্পর্কে সভায় ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন বলেন, ওয়াসার সরবরাহ করা পানি খুব দামি, এটি যেন রাস্তায় ছিটানো না হয়। ছিটানোর জন্য তিনি নদীর পানি ব্যবহার করার পরামর্শ দেন।